বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্রাজিল দল (Brazil) কলকাতায় এসে খেলে গিয়েছে বেশিদিন হয়নি। ম্যাচ হারলেও লড়াইয়ে নিজেদের উজাড় করে দিয়েছিল ভারতের ছেলেরা। পরাজয় থেকে শিক্ষা নিয়ে যখন ভারতীয় দল একটু একটু করে এগোচ্ছে, সেই পর্বে এলো এক বড় খবর। ভিনিসিয়াস জুনিয়রদের ঐতিহাসিক ম্যাচের পর এবার শহরে আসতে চলেছেন এক ব্রাজিলিয়ান কিংবদন্তি। জানা যাচ্ছে, আগামী নভেম্বর মাসেই কলকাতার মাটিতে পা রাখবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি তথা ইন্টার মিলানের প্রাক্তনী ওরফে ব্রাজিল দলে কাকার প্রাক্তন সতীর্থ মাইকন (Maicon)।
কেন শহরে আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি?
পেলে থেকে শুরু করে মারাদোনা, লিওনেল মেসিদের আপন করে নিয়েছে এই কলকাতা। ফুটবলের মক্কায় এসে মধুর স্মৃতি সঙ্গে করে নিয়ে গিয়েছেন তারকারা। দেখেছেন এ বাংলার আপ্যায়ন। এবার সেই তালিকায় জুড়তে চলেছে মাইকনের নাম। জানা যাচ্ছে, মূলত দুদিনের কলকাতা সফরে আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তাঁর শহরে আসার উদ্দেশ্য মূলত 14 নভেম্বর কিং স্পোর্টস ম্যানেজমেন্টের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ।
বলাই বাহুল্য, 14 নভেম্বর সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সাথে সাথে ভারতীয় ফুটবলের স্বার্থে নতুন নতুন প্রতিভা খোঁজার দায়িত্বও পালন করতে চলেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। কিং স্পোর্টস ম্যানেজমেন্টের লক্ষ্য মিশন 2037। এই বিশেষ কর্মসূচির অধীনে ভারতীয় প্লেয়ারদের এমন একটি পুল তৈরি করতে চাইছে সংস্থাটি, যেসব প্লেয়াররা ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন।
আরও পড়ুন: বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রো প্রকল্পে ১৭ হাজার কোটির বরাত পেল ভারতীয় সংস্থা
ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ব্রাজিলিয়ান তারকা মাইকনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গোটা দেশজুড়ে ফুটবলের অসাধারণ সব প্রতিভা খোঁজার পাশাপাশি ভারতীয় ফুটবলারদের আন্তর্জাতিক ফুটবলে খেলা নিয়ে পরামর্শ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও ব্রাজিলিয়ান কিংবদন্তির হাত ধরে ভারতীয় ফুটবলারদের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ভারত-ব্রাজিল ফুটবল এক্সচেঞ্জ প্রোগ্রামেরও ঘোষণা হতে পারে 14 নভেম্বর। এক কথায়, দেশের ফুটবলারদের বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার আগে সেই পথ তৈরি করবেন মাইকন।










