সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। এদিন ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি। পুজোর পাস মোটা টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। তাছাড়া ইউনেস্কোর নাম ভাঙিয়ে মার্স আর্ট নামক একটি সংস্থার মাধ্যমে দুর্গাপুজোর প্রিভিউ শো এবং ভিআইপি পাস বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে বুধবার তলব শেষে বেরোনো মাত্রই পুলিশের হাতে গ্রেফতার হলেন ইন্দ্রনীল সেন।
গ্রেফতার ইন্দ্রনীল সেন
প্রসঙ্গত, তৎকালীন সরকারের আমলে তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন। তবে তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ। দুর্গাপুজোর সময় বিপুল টাকার বিনিময়ে ভিআইপি পাস দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। মার্স আর্ট নামক একটি প্রতারণার মামলায় তদন্ত শুরু করে লালবাজারের গোয়েন্দা শাখা। পাশাপাশি কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তদন্ত শুরু করে ইডি।
এর আগে তিনবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। বুধবার চতুর্থবার হাজিরা দিতেই উপস্থিত হয়েছিলেন তিনি। তবে এদিন বাইরেই অপেক্ষা করে লালবাজার। ইন্দ্রনীল যখন ভিতরে ছিলেন, সেই সময় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা সেখানে পৌঁছন। মন্ত্রী সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই পুলিশ ভ্যানে তুলে নেন আধিকারিকরা। আপাতত তাঁকে লালবাজার নিয়ে যাওয়া হচ্ছে বলেই খবর।
আরও পড়ুন: “ভালো করে ডাক্তার দেখানো উচিত” এবার মমতা ব্যানার্জিকে আক্রমণ ঋতব্রতর
জানা গিয়েছে, বউবাজার থানায় মার্স আর্ট নামক ওই সংস্থার মাধ্যমে দুর্গাপুজোর প্রিভিউ শো এবং ভিআইপি পাস বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত ইন্দ্রনীল। জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ট্রাভেল এজেন্ট এই মামলা দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে লালবাজারের গোয়েন্দা শাখা। এদিন বউবাজার থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতেই ইন্দ্রনীলকে গ্রেফতার করা হয়েছে।










