সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতি মাসের প্রথম দিনই বদলে যায় একাধিক নিয়ম। ঠিক সেই মতো জুলাই শেষ করে আগস্টের শুরুতেও আসবে একাধিক পরিবর্তন (August Rules Change)। এলপিজির দাম পরিবর্তন থেকে শুরু করে ব্যাঙ্কের নিয়মে বদল, কিংবা রেলের টিকিট কাটার নিয়ম, আসতে পারে একাধিক বদল। আর এগুলি সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরেই ফেলবে প্রভাব। কী কী পরিবর্তন আসতে তা জানতে হলে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি।
রেলের টিকিট কাটার নিয়ম পরিবর্তন
ভারতীয় রেল ২০২৬ এর আগস্ট মাস থেকে একাধিক নিয়মে বদল আনতে পারে। জানা যাচ্ছে, ১ আগস্ট থেকে রেলের তৎকাল টিকিট বুকিং-এ কিছুটা পরিবর্তন আসতে পারে। এখন থেকে তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে দেওয়া হবে টোকেন। এর ফলে রিজার্ভেশন কাউন্টারে ভিড় কমবে এবং টিকিট কাটার নিয়মে স্বচ্ছতা আসবে।
এটিএফ-র দামের পরিবর্তন
প্রতিমাসের শুরুতেই তেল বিপণনকারী সংস্থাগুলি গ্যাসের পাশাপাশি বিমানের জ্বালানির দাম পুনঃনির্ধারণ করে। সেক্ষেত্রে আগস্ট মাসের শুরুতেই বিমানের জ্বালানির দামে কিছুটা বদল আসতে পারে। তবে যদি এই জ্বালানির দাম বাড়ে, তাহলে বিমানের ভাড়ার উপরে প্রভাব পড়তে পারে।
এলপিজির দাম পরিবর্তন
মাসের এলপিজির দাম পুনঃনির্ধারণ করে তেল বিপণনকারী সংস্থাগুলি। পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দিনের পর দিন গ্যাসের দাম ঊর্ধ্বগতির দিকে ঠেকছে। এমনকি বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় তিনগুণ বেড়েছে। যদিও জুলাই মাসের ১ তারিখে বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমানো হয়েছিল। কিন্তু ঘরোয়া গ্যাসের দাম অপরিবর্তিত ছিল। এখন দেখার, আগামী ১ আগস্ট এলপিজির দাম পরিবর্তন হয় কিনা। তবে যদি আবারও দাম বাড়ে, তাহলে মধ্যবিত্তদের হেঁসেলে যে চাপ বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
ব্যাঙ্কের নিয়মে পরিবর্তন
দেশের বিভিন্ন ব্যাঙ্ক ১ আগস্ট তাদের পরিষেবা ফি সংশোধন করে থাকে। সেই তালিকায় উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আগামী ১ আগস্ট থেকে তাদের গ্রাহকদের জন্য এসএমএস অ্যালার্ট চার্জে পরিবর্তন আনছে। এখন থেকে প্রতিটি এসএমএসের জন্য ৩০ পয়সা করে চার্জ কাটা হবে। অন্যদিকে গ্রাহকদের ডেবিট কার্ড রক্ষণাবেক্ষণ ফি বা অন্যান্য পরিষেবা সংক্রান্ত চার্জে সেরকম কোনও পরিবর্তন আনা হবে না বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন: অভিষেকের মেডিক্যাল রিপোর্টে নেই ডাক্তারের ঠিকানা, রেজিস্ট্রেশন নম্বর! ঘনাচ্ছে রহস্য
জিএসটির নতুন নিয়ম
আগামী ১ আগস্ট থেকে নতুন জিএসটি বিধিমালা কার্যকর হচ্ছে। এই নিয়ম ব্যবসা থেকে শুরু করে দোকান বা বাণিজ্যের সঙ্গে জড়িতদের সরাসরি প্রভাবিত করবে। জানা যাচ্ছে, এবার ইনভয়েস এবং ই-ওয়ে বিল ব্যবস্থা আরও উন্নত হবে। এমনকি স্টেট কোডসহ অন্যান্য তথ্যের সঙ্গে জিএসটিআইএন যাচাই করা হবে। এর ফলে ব্যবসায়ীরা স্বেচ্ছায় বিল নিষ্ক্রিয় করতে পারবে।










