৪৬৪ টাকায় বিক্রি UPSC-র স্বপ্ন! চারবার বিফল হতেই ভাঙ্গারির দোকানে সব বেচলেন পরীক্ষার্থী

Published:

UPSC Exam

অনন্যা সরকার, কলকাতা: ইউপিএসসি পরীক্ষাকে (UPSC Exam) ভারতের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এই পরীক্ষায় পাশ করে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS) বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (IAS) মতো উচ্চ পদমর্যাদার কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখেন দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণী। কারও স্বপ্ন সত্যি হয়, আবার কারও থেকে যায় অধরাই। একদিকে যেমন বহু বাধা-বিপত্তি, প্রতিবন্ধকতা পেরিয়ে ইউপিএসসিতে সফল হওয়ার কাহিনীগুলি সামনে আসে, তেমনি প্রদীপের শিখার নীচের অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে ব্যর্থতার গল্পগুলিও। এমনই এক গল্প শুনিয়েছেন এক ইউপিএসসি অ্যাসপিরেন্ট। রেডিটে (Reddit) নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি, জানান ‘সব শেষ হয়ে গেল’। তাই দীর্ঘদিন যে বই ও নোটসগুলিকে নিজের স্বপ্ন পূরণের সম্বল বানিয়েছিলেন, সেগুলিকেই জলের দরে পুরনো জিনিসপত্রের দোকানে বেচে দিয়ে এলেন। 

ইউপিএসসি-এর সব নোটস ও বই এখন রদ্দিওয়ালার দোকানে

রেডিটে ওই পরীক্ষার্থী লেখেন দীর্ঘ সময় ধরে তাঁর জীবনের কেন্দ্রবিন্দুতে ছিল ইউপিএসসি পরীক্ষা। কিন্তু চারবারের চেষ্টা ও বছরের পর বছর প্রস্তুতির পর তিনি এখন এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, নিজের জীবনের এমন একটি অধ্যায়কে পেছনে ফেলে এলেন, যার জন্য তাঁকে ব্যক্তিগতভাবে অনেক বড় মূল্য চোকাতে হয়েছে। সম্প্রতি এক ভাঙারিওয়ালার কাছে ইউপিএসসি প্রস্তুতির সমস্ত সামগ্রী মাত্র ৪৬৪ টাকায় বিক্রি করার পর রেডিটে তাঁর অভিজ্ঞতার কথা শোনান ওই পরীক্ষার্থী। 

ওই পরীক্ষার্থী জানান, তিনি ২০২৩, ২০২৪ এবং ২০২৫ – এই টানা তিন বছর ধরে প্রিলিমিনারি টেস্ট পাস করে ইউপিএসসি-র ‘মেইনস’ পরীক্ষা পর্যন্ত পৌঁছাতে পারলেও ইন্টারভিউ রাউন্ডের জন্য নির্বাচিত হতে পারেননি। কিন্তু ২০২৬ সালে ফলাফল ছিল আরও হতাশাজনক। প্রস্তুতির পুরো যাত্রাপথে এই প্রথমবার তিনি প্রিলিমিনারি পরীক্ষাই উত্তীর্ণ হতে পারেননি। তিনি পোস্টে লেখেন, “এই বছর প্রথমবারের মতো প্রিলিমস পরীক্ষাই পার করতে পারলাম না। সব শেষ হয়ে গেল।”

আরও পড়ুন: ট্রেনে অন্য যাত্রীর সাথে আসন বদল? হবে জরিমানা থেকে কারাদণ্ড, জানুন রেলের নিয়ম

তাই তিনি বইগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেন। এই বইয়ের স্তুপের মধ্যে কেবল ইউপিএসসি-এর প্রস্তুতির বইগুলিই ছিল না, তারসাথে ছিল স্কুল জীবনের এনসিইআরটি (NCERT)-র সেই সব বই, যা দিয়ে তিনি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। এছাড়াও ছিল টেস্ট পেপার, মক টেস্টের প্রশ্নপত্র, লক্ষ্মীকান্তের বই, হাতে লেখা নোট এবং বছরের পর বছর ধরে জমিয়ে রাখা নানা স্টাডি মেটোরিয়াল।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের সুপ্রাচীন এক প্রাসাদ কিনলেন মার্ক জাকারবার্গ, দাম শুনলে চমকে যাবেন

ওই পরীক্ষার্থী জানান, ভাঙারির দোকানের ওজন মাপার যন্ত্রে বইগুলো তোলার মুহূর্তটা তাঁর কাছে অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। প্রত্যেকটা বই ও স্টাডি মেটিরিয়ালের সঙ্গে জড়িয়ে রয়েছে তার দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যাবসায় ও অপূর্ণ থেকে যাওয়া স্বপ্নগুলো। তাই ওই বই ও হাতে লেখা নোটসগুলিকে শেষবারের মতো বিদায় জানানোর অভিজ্ঞতাটা ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে।