ট্রেনে অন্য যাত্রীর সাথে আসন বদল? হবে জরিমানা থেকে কারাদণ্ড, জানুন রেলের নিয়ম

Published:

Indian Railway regulations for seat changes

অনন্যা সরকার, কলকাতা: প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে ভ্রমণ করেন। দূরত্ব কম হোক বা দীর্ঘ – দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য রেল (Indian Railways) একটি আরামদায়ক ও সাশ্রয়ী উপায়। প্রায়শই আমরা বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে ট্রেনে চেপে ঘুরতে বেরিয়ে পড়ি। কিন্তু অনেকসময় সময়মতো টিকিট বুক না করার জন্য বা অন্য কোনো কারণে সকলের সিট পাশাপাশি পাওয়া যায় না। এরকম পরিস্থিতিতে, অনেকেই অন্য যাত্রীদের কাছে তাদের আসন বদলানোর (Seat Changes) জন্য অনুরোধ করেন। কখনও কখনও তা তর্কাতর্কি পর্যন্তও গড়ায়। যদি কোনও যাত্রী টিটিই (TTE)-এর অনুমতি ছাড়া এটি করেন, তাহলে হতে পারে সমস্যা। ভারতীয় রেলওয়ের মতে, এটি একটি অপরাধ এবং এর জন্য কারাদণ্ডও হতে পারে। আসুন তাহলে ট্রেনে আসন পরিবর্তন সংক্রান্ত রেলওয়ের নিয়মকানুনগুলি সর্ম্পকে জেনে নেওয়া যাক।

অনুমতি ছাড়া আসন পরিবর্তন করা কি দণ্ডনীয় অপরাধ?

রেলওয়ের নিয়মাবলী অনুযায়ী, কোনো যাত্রীর নিজের আসন ছেড়ে অন্য যাত্রীর আসনে বসা আইনত দণ্ডনীয় অপরাধ। এর জন্য বড় অঙ্কের জরিমানা এবং এমনকি কারাদণ্ডও হতে পারে। তবে, যাত্রীরা যদি পারস্পরিক সম্মতিতে আসন পরিবর্তন করেন, তবে তা সম্পূর্ণভাবে যাত্রীদের সম্মতির ওপর নির্ভর করে। এছাড়াও, টিটিই-এর অফিসিয়াল অনুমতি নিয়ে যাত্রীরা আসন বা কোচ পরিবর্তন করতে পারেন। ট্রেনে কোনো আসন খালি থাকলে, রেলওয়ের নিয়ম অনুযায়ী টিটিই ট্রেনে উপস্থিত যাত্রীকে সেই আসনটি দিতে পারেন। টিটিই-এর অজান্তে বা অনুমতি ছাড়া অন্য কারও সংরক্ষিত আসনে বসা বা ঘুমানোও নিয়মবিরুদ্ধ।

জানিয়ে রাখি, নিজের আসন ছেড়ে অন্য যাত্রীর রিসার্ভ করা আসনে বসলে রেলওয়ে ২৫০ টাকা জরিমানা আরোপ করতে পারে। রেলওয়ের নিয়ম অনুযায়ী, কোনো যাত্রী তার নিজের রিসার্ভ করা আসন অন্য যাত্রীর কাছে বিক্রি করতে বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারেন না, এটি একটি ফৌজদারি অপরাধ। ট্রেনের টিকিট একমাত্র রেলওয়ের মাধ্যমেই বিক্রি করা হয়। রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া টিকিট বিক্রি করা ভারতীয় দণ্ডবিধির (IPC) ১৪৩ ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। এর জন্য ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে।

আরও পড়ুন: ভারতে প্রথমবার ২২০ কিমি গতিতে ছুটবে ট্রেন, শেষের মুখে হাইস্পিড টেস্ট ট্র্যাক তৈরির কাজ

উল্লেখ্য, কখনও কখনও টিকিট বুক করা গেলেও সেটা কনফার্ম হয় না। চার্ট তৈরি হওয়ার পর টিকিটটি ওয়েটিং লিস্টে থেকে যায়। এমন পরিস্থিতিতে প্রায়শই অনেক যাত্রী ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ভ্রমণ করেন। এটিও একটি অপরাধ এবং এর জন্য টিটিই ওই যাত্রী কাছ থেকে ২৫০ টাকা জরিমানা সহ ট্রেনের টিকিটের সম্পূর্ণ ভাড়া আদায় করে।