৫০ লক্ষের বালি প্রতারণা মামলায় জামিন সুমিত রায়ের, এবার কি জেলমুক্তি?

Published:

Sumit Roy Bail

প্রীতি পোদ্দার, কলকাতা: একাধিক ফৌজদারি মামলায় গ্রেপ্তারির আশঙ্কাকে ঘিরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Roy) নিয়ে নানা তর্ক বিতর্ক চলছে তখন বালি কাণ্ডে বড় স্বস্তি পেলেন তিনি। ৫০ লক্ষ টাকা প্রতারণার মামলায় চার্জশিট জমা পড়ার পরের দিনই জামিন পেলেন সুমিত রায় (Sumit Roy Bail)। জানা গিয়েছে, বুধবার মেদিনীপুর সিজেএম আদালত থেকে জামিন মঞ্জুর করা হয় সুমিত রায়ের। ইতিমধ্যেই এই খবর চাউর হতেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

৫০ লক্ষ টাকার প্রতারণা মামলা

গত ১০ সেপ্টেম্বর শালবনি থানায় দায়ের হওয়া জমি দুর্নীতি মামলার তদন্তে সুমিতকে গ্রেফতার করা হয়েছিল। এর পরে ২৪ সেপ্টেম্বর ৫০ লক্ষ টাকার প্রতারণা মামলায় ‘শোন অ্যারেস্ট’ করেছিল শালবনি থানার পুলিশ। অভিযোগ, ওভারলোড বালি পরিবহণের অনুমতি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫০ লক্ষ টাকা প্রতারণা করেছিলেন সুমিত রায়। এই ঘটনায় সৌম্যজিৎ সেন, সুমিত রায়, আশিক কাজি, প্রশান্ত দাসের বিরুদ্ধে শালবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বাঁকুড়ার বালি ব্যবসায়ী নাদিয়া চৌধুরী।

বালি কাণ্ডে ঠিক কী অভিযোগ উঠেছিল?

অভিযোগকারীর দাবি ছিল, বালি পরিবহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ধাপে ধাপে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছিল। প্রথমে তিনি ওই টাকা দিতে রাজি না হলেও তাঁকে ভয় দেখানো হয় যে টাকা না দিলে তাঁর কোনও গাড়িই বালি পরিবহণ করতে পারবে না। পরে টাকা দেওয়ার পরেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনও ব্যবস্থা করা হয়নি। এরপরই প্রতারণার অভিযোগে পুলিশের দ্বারস্থ হন তিনি। টাকা ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে শালবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।

আরও পড়ুন: ঝামেলা থামাতে গিয়ে ফের বিপত্তি শিলিগুড়িতে, পুলিশের উপর হামলা, ভাঙল গাড়ির কাচ

জামিন পেলেন সুমিত রায়

গত মঙ্গলবার, শালবনি থানার পুলিশ এই মামলায় সুমিত-সহ চার জনের বিরুদ্ধে প্রায় ৪০০ পাতার চার্জশিট জমা দিয়েছিল। সুমিত ছাড়াও আশিক কাজি ইমামের নাম রয়েছে চার্জশিটে। আশিক আগেই জামিন পেয়েছিলেন। আর এবার বালি কাণ্ডে ৫০ লক্ষ টাকা প্রতারণার মামলায় চার্জশিট জমা পড়ার পরের দিন বুধবার মেদিনীপুর সিজেএম কোর্ট থেকে জামিন পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব বুধবার বলেন, ‘‘চার্জশিট জমা পড়ার পরে অভিযুক্ত জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেছেন।’’ তবে এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর।

জানা গিয়েছে, গড়বেতা থানার একটি মামলা চলছে গড়বেতা আদালতে। সেই মামলাতেও জেল হেফাজতে রয়েছেন সুমিত রায়। ডায়মন্ড হারবার কোর্টেও দু’টি মামলায় তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে একটি মামলায় জামিন মঞ্জুর হলেও আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।

google button