ট্রেনে আপার বার্থ এড়াতে চান? জেনে নিন লোয়ার বার্থ পাওয়ার সহজ কৌশল

Published:

Lower Berth Booking in Train

অনন্যা সরকার, কলকাতা: আরামদায়ক ট্রেনযাত্রার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক বার্থ বা আসন পাওয়া। অনেক সময় লোয়ার বার্থ (Lower Berth) বেছে নেওয়ার পরেও যাত্রীদের আপার বার্থ রিসার্ভ হয়ে যায়, যা বয়স্ক যাত্রী এবং মহিলাদের জন্য বেশ কষ্টসাধ্য হতে পারে। তবে, আইআরসিটিসি (IRCTC)-এর মাধ্যমে অনলাইনে টিকিট বুক করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখলে ট্রেনযাত্রায় আর বার্থ নিয়ে কখনো অসুবিধায় পড়তে হবে না। কীভাবে ট্রেনে লোয়ার বার্থ পাওয়া নিশ্চিত করবেন, আসুন জেনে নেওয়া যাক। 

ট্রেনে লোয়ার বার্থ পাওয়ার উপায়

প্রথমেই আইআরসিটিসি-এর পোর্টালে যাত্রীদের তথ্য যেমন নাম, বয়স এবং লিঙ্গ সম্পর্কিত তথ্যগুলি পূরণ করার সময় ‘বার্থ প্রেফারেন্স’ (Berth Preferences) অপশন থেকে লোয়ার (Lower) অপশনটি নির্বাচন করতে হবে। এছাড়া,  চাইলে সাইড লোয়ার (Side Lower)-ও বেছে নেওয়া যেতে পারে। যদি দুজন যাত্রীর টিকিট বুক করা হয়, তাহলে প্রত্যেকের জন্যই আলাদাভাবে পছন্দ উল্লেখ করতে হবে। যদিও এই পছন্দ অনুযায়ী আসন পাওয়ার নিশ্চয়তা থাকে না, তবুও টিকিট রিজার্ভেশন সিস্টেম এই পছন্দগুলোকে অগ্রাধিকার দেয়।

এর পাশাপাশি, রিজার্ভেশন চয়েসেস (Reservation Choices) সেকশনে গিয়ে “বুক অনলি ইফ অ্যাট লিস্ট ওয়ান লোয়ার বার্থ ইজ অ্যালোকেটেড” (Book only if at least one lower berth is allotted) – এই অপশনটি নির্বাচন করতে হবে। এর ফলে যদি কোনো লোয়ার বার্থ খালি না থাকে, তবে টিকিট বুক হবে না। এতে অর্থ ও সময় সাশ্রয় হবে এবং যাত্রীরা অন্য কোনো ট্রেনের জন্য চেষ্টা করতে পারবেন।

আরও পড়ুন: এই শর্তগুলি পূরণ না করলে পাবেন না ‘ভরসা’ প্রকল্পের সহায়তা, আবেদন পদ্ধতি জানাল সরকার

তবে কোনো বয়স্ক ব্যক্তির সঙ্গে ভ্রমণ করলে, ‘লোয়ার বার্থ/সিনিয়র সিটিজেন’ (Lower Berth/Senior Citizen) কোটা নির্বাচন করা যেতে পারে। ভারতীয় রেল ৬০ বছরের বেশি বয়সী পুরুষ, ৪৫ বছরের বেশি বয়সী মহিলা এবং গর্ভবতী মহিলাদের অগ্রাধিকার দিয়ে থাকে। তবে মনে রাখবেন, এই কোটা শুধুমাত্র কনফার্মড টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য এবং প্রতি পিএনআর (PNR)-এ সর্বোচ্চ দুজন যাত্রী এই সুবিধা পেতে পারেন। এই ক্যাটাগরির অধীনে স্লিপার ক্লাসে ৬ থেকে ৭টি, থার্ড এসি (3AC)-তে ৪ থেকে ৫টি এবং সেকেন্ড এসি (2AC)-তে ৩ থেকে ৪টি নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত থাকে।

এছাড়াও, যাত্রার অন্তত ৬০ দিন আগে টিকিট বুক করলে এবং আসন খালি থাকার সম্ভাবনা বেশি এমন ট্রেন বেছে নিলে লোয়ার বার্থ পাওয়ার সম্ভাবনা বাড়ে। তৎকাল (Tatkal) টিকিটে লোয়ার বার্থ পাওয়া বেশ কঠিন। যদি শেষ পর্যন্ত আপার বার্থই বরাদ্দ হয়, তবে ট্রেনে ওঠার পর টিটিই (TTE)-এর সঙ্গে কথা বলে নিতে হবে। যদি কোনো লোয়ার বার্থ খালি থাকে, তবে তিনি সেটি বরাদ্দ করে দিতে পারেন।

উল্লেখ্য, অনলাইনে টিকিট বুকিং চূড়ান্ত করার আগে নিশ্চিত হতে হবে যে বয়স ও লিঙ্গ সঠিকভাবে দেওয়া হয়েছে কি না, ‘বার্থ প্রেফারেন্স’-এ লোয়ার নির্বাচন করা হয়েছে কি না, সঠিক রিজার্ভেশন চয়েস বেছে নেওয়া হয়েছে কি না। এরপর পেমেন্ট করার আগে সমস্ত তথ্য আরও একবার যাচাই করে নেওয়া উচিত। এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনার ভ্রমণ আরও আরামদায়ক হয়ে উঠবে।

google button