ঝামেলা থামাতে গিয়ে ফের বিপত্তি শিলিগুড়িতে, পুলিশের উপর হামলা, ভাঙল গাড়ির কাচ

Published:

Police Attacked

প্রীতি পোদ্দার, কলকাতা: আইনশৃঙ্খলা বজায় রাখতে গিয়ে ফের বিবাদের মুখে পড়লেন শিলিগুড়ির (Siliguri) পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, এলাকার ঝামেলা থামাতে গিয়ে প্রধাননগর থানার পুলিশের উপর হামলার (Police Attacked) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তাই নয়, দুষ্কৃতীদের তরফে ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। এই নিয়ে দ্বিতীয়বার শিলিগুড়িতে পুলিশের উপর আক্রমণ করা নিয়ে প্রশ্ন উঠছে নিরাপত্তা রক্ষা ব্যবস্থা নিয়ে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত বুধবার, রাতে, শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় কোনো একটি বিষয়কে কেন্দ্র করে ব্যাপক ঝামেলা অশান্তি শুরু হয়েছিল। আর সেই খবর শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন প্রধাননগর থানার পুলিশকর্মীরা। কিন্তু অভিযোগ, গোলমাল থামানোর চেষ্টা করতেই তাঁদের উপর চড়াও হয় উত্তেজিত লোকজন। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে যায়। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় গাড়ির ড্রাইভারের মাথায় চোট লাগে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী।

হাসপাতালে ভর্তি আহত কর্মীরা

শেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা গিয়েছে, আহত পুলিশ কর্মীদের প্রাথমিক চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অশান্তির সময় কারা পুলিশের উপর হামলা করেছিল এই নিয়ে শুরু হয়েছে খোঁজ। এর আগে গত রবিবারও ঝামেলা অশান্তির চক্করে মার খেতে হয়েছিল শিলিগুড়ির পুলিশ কর্মীদের। গত রবিবার, শিলিগুড়ি জেলা হাসপাতালে অসুস্থকে ঠিকমতো দেখা হচ্ছে না বলে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছিল। শুধু তাই নয় শুরু হয়েছিল তুমুল অশান্তি, সেখানেই আক্রান্ত হয়েছিল পুলিশ কর্মীরা।

আরও পড়ুন: সোনা, রুপোর বাজারে ফের ধস, হুড়মুড়িয়ে কমল দাম! দেখুন রেট

জানা গিয়েছে, লাঠি কেড়ে নিয়ে দুই পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছিল। যদিও খবর পেয়ে দ্রুত শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ পৌঁছতেই অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। আপাতত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

google button