অষ্টম শ্রেণিতে হারান দৃষ্টিশক্তি, নোট সংগ্রহ করে পড়ান মা, UPSC ক্র্যাক করে ছেলে আজ IAS

Published:

UPSC Success Story of IAS Manu Garg

অনন্যা সরকার, রাজস্থান: চোখে ছিল না দৃষ্টিশক্তি, কিন্তু মনে ছিল অদম্য সাহস ও ইচ্ছাশক্তি। আর এর জোরেই অসাধ্যকে সাধন করেছেন মনু গর্গ (UPSC Success Story of IAS Manu Garg)। কঠোর পরিশ্রম যে কখনও ব্যর্থ হয় না, তা নিজের সাফল্য দিয়েই প্রমাণ করেছেন তিনি। আট বছর বয়সে এক বিরল জিনগত রোগের কারণে দৃষ্টিশক্তি হারানো মনুর কাছে প্রত্যেকটা দিনই ছিল এক একটা সংগ্রাম। কিন্তু তাঁর  আত্মবিশ্বাস এবং মায়ের অটল সমর্থন এই অন্ধকারের মধ্যে দিয়েই উজ্জ্বল আলোর দিশা দেখিয়েছে। আজ তিনি একজন সফল আইএএস (IAS) অফিসার। কেমন ছিল তাঁর এই কঠিন লড়াইয়ের যাত্রাটি, আসুন জেনে নেওয়া যাক।

অষ্টম শ্রেণিতে দৃষ্টিশক্তি হারানো ছেলেই হল ইউপিএসসি টপার

মনু গর্গ তাঁর শৈশব কাটিয়েছেন রাজস্থানের জয়পুরে। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন মনু। তবে, অষ্টম শ্রেণিতে এসে তাঁর জীবন পুরোপুরি বদলে গেল। রেটিনাল পিগমেন্টোসা ম্যাকুলার ডিজেনারেশন নামে এক বিরল জেনেটিক রোগে আক্রান্ত হন তিনি, যা ধীরে ধীরে তাঁর দৃষ্টিশক্তি কেড়ে নেয়। এই ঘটনায় মনু ও তাঁর পরিবারের ওপর বিশাল বড় ঝড় বয়ে গিয়েছিল। ক্লাসে সবসময় র‍্যাঙ্ক করা মনু এই কঠিন সময়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন কিনা, কীভাবে সামলাবেন নিজের ভবিষ্যৎ – এই নিয়ে তৈরি হয় সংশয়।

তবে, ছেলের এই দুর্দশাতে মা সবসময় তাঁকে সাহস জুগিয়েছেন। তিনি শুধু মনুর মনোবলই বাড়াননি, পাশাপাশি তার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি স্কুলে গিয়ে শিক্ষকদের কাছ থেকে নোট সংগ্রহ করতেন এবং বাড়ি এসে ঘণ্টার পর ঘণ্টা ধরে সেগুলো তাকে পড়ে শোনাতেন। তিনি মনুর বলা উত্তরগুলোও নিজেই লিখে দিতেন। কার্যত তাঁর পুরো স্কুলজীবনটাই মা একার হাতে গড়ে উতরে দিয়েছিলেন। 

আরও পড়ুন: পড়াশোনায় বাধা দিয়েছিল গ্রামবাসী, UPSC ক্র্যাক করে IAS হয়ে যোগ্য জবাব চাষির মেয়ের

অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও, মনু কম্পিউটার সায়েন্সে পারদর্শিতা অর্জন করেন এবং দ্বাদশ শ্রেণিতে ১০০-তে ১০০ নম্বর পেয়ে রেকর্ড গড়েন। উচ্চশিক্ষার সময় তিনি স্ক্রিন রিডার এবং ওটিজি কেবলের মতো আধুনিক প্রযুক্তিগুলির ব্যবহার শেখেন, যা তাঁর পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ডিজিটাল ডিভাইসগুলি তার পরনির্ভরশীলতা কমিয়ে দেয় এবং পড়াশোনায় বিশেষ সাহায্য করে। এগুলি তাঁর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছিল।

আরও পড়ুন: লন্ডনে পড়াশোনা, ইসরায়েল ট্রেনিং নিয়ে ভারতে এসে করেন চাষ! আজ ১ কোটি আয় হর্ষিতের

স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর, মনু দেশের অন্যতম কঠিন পরীক্ষা, ইউপিএসসি-এর জন্য প্রস্তুতি শুরু করেন। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও হাল ছাড়েননি। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ২০২৪ সালে আবার পরীক্ষা দেন এবং সেই প্রচেষ্টায় অসাধারণ সাফল্য অর্জন করেন মনু। ইউপিএসসি-তে সেবছর তাঁর সর্বভারতীয় র‍্যাঙ্ক (AIR) ছিল ৯১, যা প্রমাণ করে যে শারীরিক প্রতিবন্ধকতা কখনও দৃঢ় সংকল্পের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আজ মনু গর্গ রাজস্থান ক্যাডারের একজন আইএএস অফিসার। তাঁর এই সাফল্য শেখায় যে, যদি কেউ জীবনে বড় ও মহৎ কিছু অর্জনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন, তবে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও অতিক্রম করা যায়।