অনন্যা সরকার, কলকাতা: জীবনের চরম কঠিন পরিস্থিতিই অনেকসময় লক্ষ্য জয়ের আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেয়। বস্তিতে বড় হয়ে ওঠা বজরং প্রসাদ যাদবের জীবনের কাহিনীটিও (Success Story of IPS Bajrang Prasad Yadav) অনেকটা এরকম। চরম বিপর্যয় মুহূর্তেও ভেঙে না পড়ে নিজের লক্ষ্যে অটল ছিলেন তিনি। বাবার নৃশংস হত্যাকাণ্ডের পর, আর্থিক সংকট এতটাই তীব্র হয় যে পড়াশোনা চালানোও তার জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছিল। তবু হিন্দি মাধ্যম থেকে উঠে আসা বজরং প্রসাদ যাদব ইউপিএসসির (UPSC Success Story) মতো কঠিন পরীক্ষায় পাস করে আজ একজন সফল আইপিএস (IPS) অফিসার হতে পেরেছেন। তাহলে আসুন তার সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যায়।
বস্তি থেকে ইউপিএসসির-এর যাত্রা শুরু
বজরং প্রসাদ থাকতেন উত্তর প্রদেশের এক বস্তিতে। একটি ইন্টারভিউতে তিনি জানান, ছোটবেলায় গ্রামের স্কুলেই প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি। তারপর একটি বেসরকারি স্কুল থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা সম্পূর্ণ করেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন বজরং প্রসাদ যাদব।
তিনি জানান যে তাঁর পিতা ছিলেন একজন কৃষিজীবী। তবে চাষবাসের পাশাপাশি তিনি গ্রামের অভাবী ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন। কিন্তু এই স্বভাবই তার জীবনে কাল হয়ে আসে, ২০২০ সালে হত্যা করা হয় বজরং প্রসাদের বাবাকে। এই হত্যাকাণ্ডের পর তারা পুরো পরিবার একেবারে ভেঙে পড়েছিল। কিন্তু তিনি সংকল্প করেন যে সবসময় অবিচারের বিরুদ্ধে কথা বলবেন এবং যদি তিনি কিছু অর্জন করতে পারেন তাহলে আর কোনো পরিবারের সাথে এমনটা তিনি হতে দেবেন না। আর এখান থেকেই শুরু হয় তার ইউপিএসসি-এর সফর।
আর্থিক সংকট থাকা সত্ত্বেও তিনি লড়াই চালিয়ে যান। কোচিংয়ের ফি দিতে সমস্যার মুখে পড়তে হয় তাকে। জমির ফসল বিক্রি করে দিল্লিতে কোচিং ফি জমা করেন বজরং প্রসাদ। এসময় তার মা তাকে অনেক সাহস যোগান এবং হার মানতে বারণ করেন। তাই পরপর দুটি অ্যাটেম্পটে পাস না করার সত্ত্বেও তিনি হতাশ হয়ে পড়েননি। একবার তো মাত্র ২৭ নম্বরের জন্য তিনি মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
আরও পড়ুনঃ মাসে ৪০০ ইউনিট বিদ্যুৎ পুড়লে কত কিলোওয়াটের সোলার লাগবে? জানুন হিসেব-নিকেশ
তবে অবশেষে ২০২২ সালের ৫ জুন তিনি তার তৃতীয় অ্যাটেম্পটটি সফলতার সাথে পাশ করেন এবং ৪৫৪ র্যাংক নিয়ে আইপিএস অফিসার হন। বাবার হত্যার পর ব্যাপক আর্থিক অনটন সত্ত্বেও তিনি তার স্বপ্ন থেকে সরে আসেননি, বরং নিজের সংকল্পকে আরও দৃঢ় করেছেন বজরং প্রসাদ যাদব। তার এই সাফল্য বহু তরুণ তরুণীর কাছে সাহস, হার না মানার জেদ ও কঠিন পরিস্থিতিতেও অবিচল থাকার দৃষ্টান্ত হয়ে উঠেছে।










