আনিষা চৌধুরী, কলকাতা: বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং শিক্ষাক্ষেত্রের উন্নয়নের দাবি সরকারের কাছে যথাযথভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্র সংসদ। সেই ছাত্র সংসদের নির্বাচন ঘিরেই সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল ইউনিভার্সিটি অফ লাদাখ (Ladakh University)। মোট আটটি পদের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের পর দেখা যায়, পাঁচটি পদেই জয় পেয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (Akhil Bharatiya Vidyarthi Parishad)।
এই জয়লাভ নিয়ে কী বক্তব্য সংগঠনের?
ABVP হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) ছাত্র সংগঠন। সংগঠনের জম্মু-কাশ্মীর ও লাদাখের সম্পাদক সন্নক শ্রীবৎস (Sannak Shrivats) এই সাফল্যকে পড়ুয়াদের আস্থার প্রতিফলন বলে দাবি করেছেন। অন্যদিকে, ABVP-র জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য দোরজে নামগিয়াল (Dorjay Namgyal) নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন দাওয়া নামগিয়াল। সহ-সভাপতি হয়েছেন ত্সেরিং ইয়াংডোল। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্তানজিন রিগডোল। যুগ্ম সম্পাদক হয়েছেন রাবস্কিট ডোলমা। অন্যদিকে, ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন তেনজিন ত্সেওয়াং। অর্থাৎ ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ পাঁচটি দায়িত্বই এখন ABVP-র নির্বাচিত প্রতিনিধিদের হাতে।
এই ফলাফল নিয়ে সন্নক শ্রীবৎস জানিয়েছেন, পড়ুয়াদের কল্যাণ, শিক্ষাক্ষেত্রের উন্নয়ন এবং দায়িত্বশীল নেতৃত্বের প্রতি ABVP-র নিষ্ঠা এবং দৃঢ় অঙ্গীকারের কারণেই এই সাফল্য এসেছে বলে তাঁরা মনে করছেন। তাঁর দাবি, আটটি পদের মধ্যে পাঁচটিতে জয় সংগঠনের কাছে অত্যন্ত গর্বের বিষয়। নতুন প্রতিনিধিরা পড়ুয়াদের সমস্যাগুলি গুরুত্ব দিয়ে দেখবেন বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: গঙ্গা চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের! বাংলাদেশকে নতুন শর্ত দেওয়ার পথে মোদি সরকার
অন্যদিকে, দোরজে নামগিয়াল জানিয়েছেন, এই ফলাফল পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণ এবং সংগঠনের ছাত্রকল্যাণমূলক কাজের প্রতি তাঁদের গভীর বিশ্বাসের পরিচয় দিচ্ছে। নির্বাচনে অংশ নেওয়া ABVP কর্মীদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি, আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অধিকার, স্বার্থ এবং শিক্ষাসংক্রান্ত বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে কাজ করার বার্তা দিয়েছে সংগঠন।










