রপ্তানিতে ৫০ টাকা ভর্তুকি, আলু চাষিদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: আলুচাষিদের বস্তায় বস্তায় বিপুল ক্ষতি সামাল দেওয়ার জন্য এবার বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আলু উৎপাদন ও রপ্তানিতে চাষিদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য এবার বড় ঘোষণা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলু রফতানি (Suvendu Adhikari Potato Export Policy) নিয়ে প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়েছিল কৃষকদের। এমনকি ক্ষতির মুখে পড়ে অনেক চাষী আত্মহত্যার পথও বেছে নিয়েছিল। শেষে অনেক আশা নিয়ে নতুন সরকারের মুখের দিকে তাকিয়ে ছিলেন চাষিরা। অবশেষে মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বস্তি পেলেন তাঁরা।

পুরশুড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ বৃহস্পতিবার হুগলির পুরশুড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একাধিক নানা প্রকল্পের সুবিধা বার্তা দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলু রফতানি আটকে যাওয়া নিয়ে কটাক্ষ করলেন তিনি। এদিন শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলুচাষিদের উপর অত্যাচার করা হয়েছে। আলুর গাড়ি সীমান্তে আটকে দেওয়া হয়েছে। পুলিশকে নির্দেশ দিয়ে আলুচাষিদের বিপন্ন করা হয়েছে। কিন্তু এই সরকারের আমলে এসব চলবে না।” এদিন আলুচাষিদের জন্য মুখ্যমন্ত্রী একের পর এক বড় ঘোষণা করলেন।

কোল্ড স্টোরেজ নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

আলু চাষিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, “কোল্ড স্টোরেজে সংরক্ষম করে রাখা ২৭ লক্ষ আলু আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। তবে এর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো যেতে পারে। কৃষি পণ্য বিপনন নিয়ন্ত্রণ আইনে প্রতিটি কোল্ড স্টোরেজকে মার্কেটিয়ার ঘোষণা করা হবে। ফলে কোল্ড স্টোরেজের মধ্যে সমন্বয়, সরকারের কাছ থেকে সহায়তা, কোল্ড স্টোরেজের বিক্রির স্বাধীনতা নিশ্চিত হবে। এছাড়াও ২০০টি মার্কেটিয়ারে ৫ ও ১০ মেট্রিক টন ক্ষমতার সৌর মিনি কোল্ড রুম স্থাপন করা হবে।” তিনি এও জানান যে, আলুকে প্রধানমন্ত্রী ফসল বীমার আওতায় এনে বীমার অংশটিও মকুব করা হবে।

আরও পড়ুন: তৃণমূলের পার্টি অফিসে ১ কোটি টাকার হদিস, পাল্টা ষড়যন্ত্রের তত্ত্ব অভিষেকের

রপ্তানিতে কুইন্টাল পিছু ৫০ টাকা ভর্তুকি

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “আলু উৎপাদন অতিরিক্ত হলে, ঝাড়খণ্ড, বিহার, অসম, ইউপিতে পাঠাতে পারবেন। আমি অর্ডার দিয়ে দিয়েছি কোনও আলু চাষির গাড়িকে কোনও বর্ডারে কেউ আটকাবে না। স্মার্ট মান্ডি ৫০টি মডেল মান্ডির উন্নয়ন করা হবে। প্রতি মান্ডিতে ৩ কোটি টাকা করে বরাদ্দ করা হচ্ছে। পাশাপাশি সুফল বাংলার প্রসারে নতুন ৫৫০টি পোর্টেবল স্ট্যাটিক আউটলেট যুক্ত করা হবে। সেখানে উচিৎ মূল্যে আলু কিনে নেওয়ার ব্যবস্থা করা হবে।” গাড়ি বা ট্রেনে আলু রপ্তানিতে কুইন্টাল পিছু ৫০ টাকা ভর্তুকির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও কালোবাজারি রুখতে বিরাট পদক্ষেপ নিতে চলেছে সরকার।

আলু চাষিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “কুইন্টালে ৯৫০ টাকা করে মোট ৪.৭৫ লক্ষ কুইন্টাল আলু কেনা হয়েছে ৪৯টি হিমঘর থেকে। ৫৬৭টি হিমঘরে সংরক্ষণ করা হয়েছে সেই আলু। প্রতি কুইন্টাল আলুর দাম ১১২০ টাকা ফ্রি বন্ড মূল্যের নীচে বাজারদর নেমে গেলে সরকার ভর্তুকি দেবে। যত কোটি টাকা লাগুক, আপনাদের মুখ্যমন্ত্রী দেবে।” অর্থাৎ, আলু বিক্রির ক্ষেত্রে দামের ফারাক হলে, তা পূরণ করে দেবে সরকার।

পাশাপাশি কালোবাজারি নিয়ে কোনও অভিযোগ করা হলে, তা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন পুরশুড়ায় ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এবার থেকে পশ্চিমবঙ্গের কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির সঙ্গে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় আরও ৩,০০০ টাকা করে পাবেন বছরে।

google button