প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ২৩ এপ্রিল রাজ্যে হতে চলেছে প্রথম দফার ভোট (West Bengal Election 2026)। ১৫২ টি আসনে হতে চলেছে ভোট, তাই শেষ মুহূর্তে জোরকদমে চলছে ভোটের প্রচার। এদিকে তৃণমূলকে তাড়াতে দিল্লি থেকে বারংবার বঙ্গে এসে সভা করে চলেছেন মোদী-শাহেরা। এবং প্রায় প্রতিটি নির্বাচনী প্রচারেই সিন্ডিকেটরাজ, মাফিয়ারাজের অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করে চলেছেন। হুঁশিয়ারি দিয়েছেন, বিজেপি ক্ষমতায় আসার পর তৃণমূলের হিসাব নেওয়া হবে। আর এবার ভোটের শেষ প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) টার্গেট করে চরম কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
কুলটিতে অমিত শাহ
রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ মঙ্গলবার, পশ্চিম বর্ধমানের কুলটিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা ছিল। সেখানে সভা করতে গিয়ে তৃণমূল শাসনের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরলেন তিনি। নারী সুরক্ষা, সিন্ডিকেট রাজ, আইনশৃঙ্খলা এবং রাজ্যের সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে ভাষণের শুরুতেই শাহ একাধিক মন্তব্য করেন। বিশেষ করে নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অমিত শাহ বলেন, বাংলায় মহিলারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে রাজ্যের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করবে এবং তাদের জন্য কঠোর আইন প্রয়োগ করা হবে। তখন বাংলার মা-বোনেরা নিশ্চিন্তে ঘর থেকে বেরোতে পারবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ শাহের
কুলটি জনসভায় তৃণমূল সরকারের সিন্ডিকেট রাজ নিয়েও সরব হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অভিযোগ করেন, “রাজ্যে সাধারণ মানুষের উপর সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য বাড়ছে এবং এতে প্রশাসনের নীরব সমর্থন রয়েছে। তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে এই সিন্ডিকেট সংস্কৃতির অবসান ঘটানো হবে এবং স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা করা হবে।” এরপরই সকলের সামনে ভাষণের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, “মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়।” সেই মন্তব্যে গোটা জনসভা জুড়ে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
আরও পড়ুন: তাপপ্রবাহ অতীত, কিছুক্ষণেই স্বস্তির বৃষ্টি ৫ জেলায়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
অনুপ্রবেশের তাড়ানোর প্রতিশ্রুতি শাহের
অমিত শাহ জনসভায় শাসক দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “তৃণমূলের গুন্ডা-দুষ্কৃতীদের বলছি, কান খুলে শুনে নিন। ২৩ তারিখ ভোটের দিন ঘর থেকে বেরোবেন না। বেরিয়ে ঝামেলা পাকাবেন না। তা হলে আগামী ৪ মে বিজেপি বাংলায় সরকার গড়ার পর আপনাদের কেউ বাঁচাতে পারবে না। আপনাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব।” এছাড়াও অনুপ্রবেশ নিয়েও কুলটির সভা থেকে তৃণমূলকে বিঁধেছেন শাহ। সরকার গঠনের পর এক এক করে অনুপ্রবেশের তাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।










