প্রীতি পোদ্দার, কলকাতা: অসহ্য গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। আগামী দিনেও (Weather Tomorrow) তীব্র দাবদাহের মাঝে আর্দ্রতাজনিত অস্বস্তিও ব্যাপক বাড়তে চলেছে জেলায় জেলায়। যদিও উত্তরবঙ্গে (North Bengal) লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। এমতাবস্থায় বড় স্বস্তির খবর দিল মৌসম ভবন। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal) পাঁচ জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বিকেলে কোথায় কোথায় হবে বৃষ্টি?
আগামী সাত দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অবস্থা এতটাই খারাপ থাকবে যে কোথাও কোথাও দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। তবে এই গরমের মাঝে আজও বিকেলের দিকে স্বস্তির বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। জানা গিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হবে। এছাড়াও বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে বইবে ঝড়। তবে গরমের দাপট সাময়িকের জন্য কম থাকলেও ফের বাড়বে গরম। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই রোদের তেজ থাকবে চরমে। যার ফলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। গড়ে ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরেও আগামী চার-পাঁচ দিন উষ্ণ এবং আর্দ্র থাকবে আবহাওয়া। পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে। তবে বিকেলের দিকে অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে গরম কিছুই কমবে না।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ, এগিয়ে আসবে গরমের ছুটি? জানুন
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ব্যাপক গরম বজায় থাকলেও উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে একেবারে উত্তরের দিকের জেলাগুলি যেমন দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বৃহস্পতিবার থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ঝড়বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।










