বৈভব সূর্যবংশীর জন্য আপাতত বন্ধ হল ভারতীয় দলের দরজা! জানালেন অধিনায়ক আইয়ার

Published:

Update Vaibhav Sooryavanshi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 15 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে সকলকে চমকে দিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে ভারতীয় দলের যোগ্য সদস্য হয়ে উঠেছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটির দলেও জায়গা হয়নি সূর্যবংশীর। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজেও বোধহয় বেঞ্চে বসে থাকতে হবে বৈভবকে। কারণ, ভারতীয় দলের দরজা আপাতত বন্ধ হয়ে গেল সূর্যবংশীর জন্য। এমনটাই জানিয়ে দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।

কী জানালেন আইয়ার?

এই মুহূর্তে ভারতের হয়ে ওপেনিং করছেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। দুই অভিজ্ঞ ক্রিকেটারের উপরেই ভরসা রাখছে বোর্ড। তাছাড়াও এই দুই ক্রিকেটারের ক্ষমতা রয়েছে প্রথম থেকে ব্যাট করে দলকে ম্যাচ জেতানোর। কাজেই দুই অভিজ্ঞ প্লেয়ারের জন্যই টিম ইন্ডিয়ায় সুযোগ হচ্ছে না বৈভব সূর্যবংশীর। এবার তা নিয়ে মুখ খুললেন অধিনায়ক আইয়ার। ভারতীয় ক্রিকেটারের বক্তব্য, সঞ্জু এবং অভিষেক যখন ধারাবাহিকভাবে রান করছেন তখন বৈভবের দলের সুযোগ পাওয়ার আশাটা থাকা উচিত নয়!

ভারতীয় দলের অধিনায়কের কথায়, “বৈভবকে এখন হাসিখুশি মুখে ড্রেসিংরুমে সময় কাটাতে হবে। ওর জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এখনও অনেক বছর রয়েছে। এমন নয় যে ও এখনই চাইলেই জাতীয় দলের সুযোগ পেয়ে যাবে। সেটা সম্ভব নয়। কারণ আমাদের ওপেনাররা ধারাবাহিকভাবে রান করছেন। তাঁরা আমাদের বিশ্বকাপ জিতিয়েছেন।” ভারতীয় তারকা বুঝিয়ে দিলেন, গত ম্যাচগুলির মতো নিউজিল্যান্ড সিরিজও বেঞ্চেই বসে থাকতে হবে বৈভবকে। অর্থাৎ এখন বৈভবের জন্য ভারতীয় দলের দরজা একপ্রকার বন্ধ!

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডকে বাণ্ডিল, ক্রিকেটে রত্ন পেল পাকিস্তান, কে এই আরাফাত মিনহাস?

প্রসঙ্গত, এর আগে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজের দলে ছিলেন বৈভব সূর্যবংশী। পরবর্তীতে 21টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র আটটিতে সুযোগ পেয়েছিলেন সূর্যবংশী। এক কথায়, অপেক্ষা করতে হয়েছে তাঁকে। যদিও এটাকে ঠিক অপেক্ষা হিসেবে দেখছেন না অধিনায়ক আইয়ার। বরং তিনি মনে করেন বৈভব দলের সাথে বিদেশ সফরে গেলে অনেক কিছু শিখতে পারবে। বিদেশের পরিবেশ এবং বিভিন্ন ধরনের পিচের সাথে পরিচিত হতে পারবে সে। এমনকি অভিজ্ঞতা বাড়লে পরবর্তীতে বিদেশে খেলতে যাওয়া নতুন প্লেয়ারদেরও পরামর্শ দিতে পারবে বৈভব।

google button