আনিষা চৌধুরী, কলকাতা: মুক্তির অপেক্ষায় থাকা নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ (Ramayana) ছবিকে ঘিরে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) বিরাট ঘোষণা। ছবিটিকে রাজ্যে সম্পূর্ণভাবে করমুক্ত করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজয়া দশমী উপলক্ষে কলকাতার (Kolkat) সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। মুক্তির আগেই মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত ছবিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে
কী বললেন মুখ্যমন্ত্রী?
মঙ্গলবারের ওই অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন ছবির কলাকুশলীরা। প্রত্যেককে সাক্ষী রেখে ছবিটির করছাড়ের বিষয়টি জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে, ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো ছবির প্রসঙ্গও। এই ছবিগুলির ক্ষেত্রে করমুক্তির সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি জানান, ওই সমস্ত ছবিগুলোর মতন একইভাবে ‘রামায়ণ’কেও এই সুবিধার আওতায় আনা হবে। পাশাপাশি ভবিষ্যতে শ্রীকৃষ্ণ, অর্জুন এবং মহাভারতের কাহিনি নিয়ে আরও ছবি তৈরির সম্ভাবনার কথাও বলেন তিনি।
ভারতীয় মহাকাব্য অবলম্বনে নির্মিত এই ছবির পরিচালনায় রয়েছেন নীতেশ তিওয়ারি এবং প্রযোজনার দায়িত্বে নামিত মালহোত্রা। ছবিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় দেখা যাবে যশকে। এ ছাড়াও লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল।
ছবিটিকে দুটি পর্বে রিলিজ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। প্রথম পর্বটি ৫ নভেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। দ্বিতীয় পর্বের মুক্তি ২০২৭ সালের দীপাবলিকে সামনে রেখে নির্ধারিত হয়েছে। দুই পর্ব মিলিয়ে ছবিটির নির্মাণ বাজেট প্রায় ৪,০০০ কোটি টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম বিষয় হয়ে উঠেছে আগের থেকে টিকিট বুক করার ব্যবস্থা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে ছবিটির অগ্রিম বুকিং থেকে ইতিমধ্যেই মোট ৫.৩৫ কোটি টাকা উঠে এসেছে। ব্লক করা আসনের হিসাব বাদ দিলে সেই অঙ্ক ৩.৫২ কোটি টাকা। মোট ৯১,১২৫টি অগ্রিম টিকিট বিক্রির তথ্যও উল্লেখ করা হয়েছে। হিন্দি সংস্করণের পাশাপাশি কন্নড় ও তেলুগু সংস্করণের বুকিংও শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, ছবির প্রচারপর্বেও নজর কেড়েছে যশের বক্তব্য। হায়দরাবাদের একটি অনুষ্ঠানে অভিনেতা দর্শকদের ছবির ভিজ্যুয়াল এফেক্টসের ছোটখাটো ত্রুটি খুঁজে বেড়ানোর বদলে নির্মাতাদের প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়ার আবেদন জানান। তাঁর বক্তব্যে আন্তর্জাতিক স্তরে ভারতীয় সিনেমাকে তুলে ধরার প্রচেষ্টা স্পষ্ট।
বিজয়া দশমীর অনুষ্ঠানে বিশেষ বার্তা
সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত বিজয়া দশমীর অনুষ্ঠানটি মূলত ‘রাম এর অযোধ্যা, রাম কি অযোধ্যা’ ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছিল। সল্টলেক সাংস্কৃতিক সংসদের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ললিত বেরিওয়ালা অনুষ্ঠানের ব্যাপক আয়োজনের কথা উল্লেখ করেন, এরপর তিনি মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানান।
আরও পড়ুন: হেফাজতের মেয়াদ বৃদ্ধির নির্দেশকে চ্যালেঞ্জ, আবেদন প্রত্যাহার CJP নেতা সৌরভ দাস, আশুতোষ রঙ্কার
এদিন কলকাতার চোরবাগান এলাকার দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়ে ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা এবং নীরবতা পালনের কথাও জানান তিনি।










