অনন্যা সরকার, কলকাতা: সৌদি আরবের (Saudi Arabia) রাজধানী রিয়াদে ভিক্ষা করার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। জানা যাচ্ছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বাংলাদেশ (Bangladeshi) ও ভারতের নাগরিক (Indian)। ২০ অক্টোবর সৌদি সংবাদমাধ্যম ‘আল-সাবক’ (Al-Sabq) এবং ‘আজেল নিউজ’ (Ajel News)-এর প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। রিয়াদের রাস্তায় একটি বিশেষ নিরাপত্তা অভিযানের সময় তাদের হাতেনাতে ধরা পড়ে ওই চার ব্যক্তি।
রিয়াদ পুলিশের হাতে গ্রেফতার চার বাংলাদেশি ও ভারতীয়
সৌদির জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে দেশজুড়ে ভিক্ষাবৃত্তি বিরোধী অভিযানের অংশ হিসেবেই ওই চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে দেশের আইন মেনে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, এই চারজনের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি ও কতজন ভারতীয় রয়েছেন, সে বিষয়ে কর্তৃপক্ষের তরফে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, সৌদি আরবে ভিক্ষাবৃত্তিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়। দেশটির কঠোর আইন অনুযায়ী, এর জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার সৌদি রিয়াল (ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৬১,৫০০ টাকা) জরিমানা কিংবা উভয় দণ্ডই হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে, সাজা ভোগের পর তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো ‘ডিপোর্ট’ করা বাধ্যতামূলক। এছাড়া, তাদের বিরুদ্ধে পুনরায় সৌদি আরবে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়।
আরও পড়ুন: জনসমর্থনের অভাবেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন স্থগিত সিজেপির? জানুন আসল কারণ
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সৌদি আরবের নিরাপত্তা বাহিনী সাধারণ নাগরিক ও দান করতে ইচ্ছুক ব্যক্তিদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে। অপরিচিত এবং অনুমোদনহীন ব্যক্তিদেরকে সরাসরি অর্থ না দেওয়ার পরামর্শ দিয়ে তারা ঘোষণা করেছে যে, যেকোনো অনুদান বৈধ ও সরকারি মাধ্যমে প্রদান করতে হবে। এর মাধ্যমে, আর্থিক সাহায্য প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। এছাড়া, এটি অপরাধী চক্রের বিস্তার নিয়ন্ত্রণে ও ভিক্ষাবৃত্তির মতো সামাজিক সমস্যা রোধ করতে সহায়তা করে।










