বাংলাদেশে পালাতে গিয়ে গ্রেফতার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গীর খান? ছড়াল খবর

Published:

Jahangir Khan

সৌভিক মুখার্জী, ফলতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘ডান হাত’ নামে পরিচিত তিনি। তবে তৃণমূল হারতেই বাংলাদেশের পালাতে গিয়ে গ্রেফতার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গীর খান (Jahangir Khan)! এমনই খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। গতকাল ১৫ বছর পর বাংলার গদিচ্যুত হয়েছে তৃণমূল কংগ্রেস। এ রাজ্যে ফুটেছে পদ্মফুল। ২০৬টি আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে কেন্দ্রের বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে মাত্র ৮১টি আসন। তবে তৃণমূল হারতেই জাহাঙ্গীরকে নিয়ে বিস্ফোরক খবর।

গ্রেফতার জাহাঙ্গীর খান?

আসলে গতকাল ২৯৪টি আসনের মধ্যে ২৯৩ আসনের গণনা ছিল। কারণ, ফলতা বিধানসভা কেন্দ্রে ইভিএম কারচুপির অভিযোগে কমিশন এই কেন্দ্রের ২৬৫টি বুথেই আগামী ২১ মে ভোটগ্রহণের দিনক্ষণ ধার্য করেছে, এবং ২৪ মে হবে গণনা। তবে এই পরিস্থিতির মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে একটি পোস্ট। সেখানে দাবি করা হচ্ছে যে, নকল ‘পুষ্পা’ সেজে নাকি জাহাঙ্গীর খান ক্যানিং থেকে গ্রেফতার হয়েছেন। তিনি বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন। এমনকি ওই ব্যবহারকারী জাহাঙ্গীর খানের সঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক তথা যোগী রাজ্যের ‘সিংঘম’ অজয় পাল শর্মার একটি ফটোও শেয়ার করেছেন।

তবে আমরা বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানতে পারছি, ফলতার তৃণমূল প্রার্থী তথা জাহাঙ্গীর খানের এই গ্রেফতারের দাবি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। ক্যানিং থানার পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই তথ্য ফেক। কারণ, ফলতার মতো হেভিওয়েট বিধানসভা কেন্দ্রের দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান যদি সত্যিই বাংলাদেশের পালাতে গিয়ে গ্রেফতার হতেন, তাহলে অবশ্যই সেই খবর বাংলা থেকে শুরু করে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রথম পাতায় আসত। তবে এরকম কোনও নির্ভরযোগ্য সূত্র থেকে কোনও খবর এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি।

আরও পড়ুন: মাছ চোর অতীত, এবার এল ফাইল চোর গান! ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এ বিষয়ে ক্যানিং থানার আইসি জানান, ক্যানিং থেকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের গ্রেফতারের দাবী সম্পূর্ণ ভিত্তিহীন। ক্যানিং থানার পুলিশ জাহাঙ্গীর খানকে গ্রেফতার করেননি। তিনি ফলতাতেই আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভুয়ো খবর প্রচার করা হচ্ছে, যা আমাদের নজরেও এসেছে। ফলত, এ থেকে স্পষ্ট উঠে আসছে যে, ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের গ্রেফতারের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।