চাকরি হারানো শিক্ষিকাকেই নন্দীগ্রামে প্রার্থী করলেন মমতা, কে এই সঞ্চিতা প্রধান দে?

Published:

Nandigram Bypoll 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: নানা জল্পনা বিতর্কের পর অবশেষে উপনির্বাচনের ডঙ্কা বাজতেই কংগ্রেসের পর এবার নন্দীগ্রামের (Nandigram Bypoll 2026) প্রার্থী ঘোষণা করল কালীঘাট পন্থী তৃণমূল কংগ্রেস। বিগত কয়েকদিন ধরে জল্পনা করা হচ্ছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) নাকি লড়তে পারেন নন্দীগ্রামের (Nandigram) উপনির্বাচনে, কিন্তু না এবার সেটি হচ্ছে না। রবিবারই ওই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিল কালীঘাট তৃণমূল। আর তাতেও থাকল বিরাট চমক। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছেড়ে যাওয়া এই হাইভোল্টেজ লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে ভরসা রাখলেন নতুন মুখ সঞ্চিতা প্রধান দে-র (Sanchita Pradhan Dey) উপর।

হাইভোল্টেজ লড়াইয়ে প্রার্থী হবেন না মমতা

নন্দীগ্রাম উপনির্বাচনে শাসক দল বিজেপির হেভিওয়েটদের টেক্কা দিতে তৃণমূল কাকে টিকিট দেবে, তা নিয়ে রাজনীতির অলিন্দে জল্পনার শেষ ছিল না। শুধু তাই নয়, তার উপর তৃণমূলের অন্দরে চলছে নাম ও প্রতীকের লড়াই। এমনকি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস জানিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াতে চাইলে তাঁদের কোনও আপত্তি থাকবে না। এমতাবস্থায় গতকাল, রবিবার নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা করলেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। তবে কোনও তাবড় নেতানেত্রী নয়, হটসিটের লড়াইয়ে একেবারেই নতুন মুখ সঞ্চিতা প্রধান দে-র উপর ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জানেন কে এই সঞ্চিতা প্রধান?

কে এই সঞ্চিতা প্রধান দে?

জানা গিয়েছে, নন্দীগ্রামের বয়াল-২ এলাকার বাসিন্দা হলেন সঞ্চিতা প্রধান দে। বয়স ৪০। তিনি বয়াল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। কিন্তু নিয়োগে দুর্নীতি মামলায় যে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল, সেখানে তাঁর চাকরিটাও বাতিল হয়েছিল। বর্তমানে তিনি তমলুকে থাকেন। এদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের মধ্যে সঞ্চিতা প্রধান দে কিছুটা অচেনা হলেও বা অতটাও সকলের কাছে পরিচিত না হলেও রাজনীতির ময়দানে তিনি কিন্তু নতুন নয়। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে দায়িত্ব সামলেছেন। তাই স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে তৃণমূলের জেলা নেতৃত্বের মধ্যেই আলোচনার পারদ বেশ বেড়েছে।

আরও পড়ুন: ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে বড় অভিযান, গাইডলাইন জারি নবান্নর

প্রসঙ্গত, নন্দীগ্রাম আসন তৃণমূলের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী হিসেবে এই কেন্দ্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে এই আসন কেড়ে নিয়েছিলেন। এমনকি ২৬-এর বিধানসভা নির্বাচনেও শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর- দুটি কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন। কিন্তু নিয়ম মেনে একটি আসন ছাড়তে হয় তাঁকে। তাই নিজের গড় নন্দীগ্রামের আসনটি ছেড়ে দেন শুভেন্দু এবং আগামী ৬ অক্টোবর সেখানে হতে চলেছে ভোট। ইতিমধ্যেই সেখানে কংগ্রেসও প্রার্থী ঘোষণা করে দিয়েছে। জানিয়েছে নন্দীগ্রামে প্রার্থী হিসেবে দাঁড় করানো হবে ভূমি আন্দোলনের নেতা মিলন প্রধানকে।