অনন্যা সরকার, কলকাতা: নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানো থেকে শুরু করে সরকারি পরিষেবা প্রদান – এমন নানাবিধ উদ্যোগকে এক জায়গায় নিয়ে এসে সারারাজ্যে ‘সেবা সংকল্প অভিযান’ (Seva Sankalp Abhiyan) পালনের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এই অভিযানটি আগামী ১৭ সেপ্টেম্বর থেকে চলবে ১০ অক্টোবর পর্যন্ত। রাজ্যের সমস্ত দফতর, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন ডব্লিং পুরসভা সম্মিলিতভাবে এই কর্মসূচি পালন করবে।
সেবা সংকল্প অভিযানের লক্ষ্য কী?
নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, এই উদ্যোগের লক্ষ্য হল সরকারি প্রকল্প ও পরিষেবাগুলিকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলা, সমস্ত সরকারি উদ্যোগে নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো ও ‘বিকশিত ভারত ২০৪৭’-কে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া। আগামী ১৭ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭টায় ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি পালনের মধ্য দিয়ে অভিযানটির সূচনা হবে। সরকারি প্রকল্পের সুবিধাভোগী ও তাদের পরিবারের সদস্যরা একইসাথে প্রদীপ প্রজ্জ্বলন করবেন। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ৫০,০০০ প্রদীপ সংগ্রহের প্রক্রিয়া শুরু করবে জেলা ও ব্লক প্রশাসন। এছাড়াও গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক জায়গাগুলিতে নাগরিকদের অংশগ্রহণে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠান আয়োজিত হবে।
এরপর ‘আমার স্বপ্নের ভারত-চিত্র সেবা’ কর্মসূচিটি ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। স্কুল ও উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তৃতা, চিত্রাঙ্কন, প্রদর্শনী এবং প্রবন্ধ প্রতিযোগিতার মতো নানা কার্যক্রমে অংশ নেবেন শিক্ষার্থী ও শিক্ষকরা। অন্যদিকে, ‘নমো সেবা-অজানা কাহিনী’ কর্মসূচির আওতায় সঙ্গীত ও নাট্যানুষ্ঠান আয়োজনের মাধ্যমে সরকারের জনসেবা ও জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে তুলে ধরা হবে। এছাড়া, পুষ্টি, স্বাস্থ্য ও নারী-কেন্দ্রিক বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশ্যে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘অন্ন মিলন সেবা’ পালিত হবে।
আরও পড়ুন: উৎসব উপলক্ষে NJP, দিঘা, লামডিং অবধি হাওড়া, কলকাতা থেকে একাধিক স্পেশাল ট্রেন দিল রেল
১৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা ‘সেবার কাহিনী’ কর্মসূচির জন্য জেলা প্রশাসন সরকারি বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের অভিজ্ঞতা ভিডিও, রিল, ছবি ও লেখার মাধ্যমে সংগ্রহ করবে। এছাড়া, ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ‘সেবায় আমার যোগদান’ কর্মসূচি পালিত হবে, যার মাধ্যমে পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ, স্বাস্থ্য ও শিক্ষার মতো জনকল্যাণমূলক কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে। যোগ্য উপভোক্তারা শিবির থেকেই নাম নথিভুক্ত করতে পারবেন।
আরও পড়ুনঃ নদীর সৌন্দর্য থেকে ঐতিহাসিক ফোর্ট, কলকাতার ২ ঘন্টা দূরেই রয়েছে এক সুন্দর জায়গা
এরপর ৬ অক্টোবর ‘সেবার রঙে, দেশের সঙ্গে’, ৭ অক্টোবর ‘সেবা জ্যোতি কলস যাত্রা’ এবং ৯ অক্টোবর ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’ কর্মসূচি পালিত হবে। শেষের কর্মসূচিটি শিল্প-বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রের উদ্ভাবন তুলে ধরবে। কলকাতাকে এই কর্মসূচিগুলি পালনের জন্য অন্যতম আঞ্চলিক কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে।










