সৌভিক মুখার্জী, কলকাতা: এবার কি সরাসরি বিজেপিতে যোগ দিতে চলেছে বাংলার এনসিপিআই সাংসদরা (NCPI MP)? এমনই ইঙ্গিত মিলল শতাব্দী রায়ের কথায়। সূত্রের খবর, আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দিল্লিতে বৈঠকের কথা রয়েছে তাঁদের। এমনকি এনডিএ জোটের সঙ্গেও হবে বৈঠক। সেই সূত্রে প্রশ্ন উঠছে, এবার হয়তো তাঁরা সরাসরি বিজেপিতেই যোগদান করতে পারেন। যদিও এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। আগামীকালের বৈঠকের উপরেই সবটা নির্ভর করছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক এনসিপিআই সাংসদদের
সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে এদিন বর্তমান এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানান, “মঙ্গলবার দুপুর একটায় বঙ্গভবনে বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের সব সাংসদদের বৈঠক হবে। আমাদের কারোর কিছু বলার রয়েছে কিনা সেগুলি জানতে চাওয়া হবে। এতদিন তো এগুলি বলার সুযোগ ছিল না। এবার হয়তো সেই সুযোগটা আসবে। তবে দলবদলের সিদ্ধান্ত একান্তই আমাদের ব্যক্তিগত। নিয়মের বাইরে গিয়ে আমরা কিছুই করিনি।”
অভিনেত্রী তথা সাংসদের আরও সংযোজন, “মনে হয় না আমরা নিয়মের বাইরে গিয়ে কিছু করেছি। আমার শুধু মনে হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা কাগজ আসবে। সেখানে সিদ্ধান্তের কথা উল্লেখ থাকবে। সব সিদ্ধান্ত নির্ভর করছে স্পিকারের উপরেই। আমরা এখন ওই কাগজের জন্যই অপেক্ষা করছি।” শতাব্দীর এই বক্তব্য সামনে আসতেই অনেকের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি এবার এনসিপিআই ছেড়ে সরাসরি বিজেপিতে যোগদান করবেন তাঁরা? যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর হয়তো এ বিষয়ে স্পষ্ট জানা যাবে।
আরও পড়ুন: পরিবারের আয় এর বেশি হলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার! যাচাইয়ের নির্দেশ রাজ্য সরকারের
প্রসঙ্গত, এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার পর বিধায়ক থেকে সাংসদ, পাল্টি খেয়েছেন সবাই। লোকসভার ২২ জন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে সরাসরি নিজেদেরকে বিদ্রোহী বলে ঘোষণা করেন। তবে যেহেতু নিয়ম অনুযায়ী কোনও একটি দলে যুক্ত থাকতে হবে, সেই কারণে ত্রিপুরা ভিত্তিক রাজনৈতিক দল এনডিএ সমর্থিত এনসিপিআই-তে যোগদান করেন তারা। এমনকি সাংসদদের কথায় বিজেপির সমর্থন স্পষ্ট। পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতেও দেখা যায়। আবার এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক থেকে ইঙ্গিত মিলছে, এবার হয়তো তাঁরা সরাসরি বিজেপিতে যোগদান করতে পারেন।










