তৃণমূলের আমলে পুলিশের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

Published:

Body Camera

সৌভিক মুখার্জী, কলকাতা: ক্ষমতা হারাতেই তৃণমূলের একের পর এক দুর্নীতির পরিসংখ্যান সামনে আনছে বিজেপি সরকার। আমফানের ত্রাণ দুর্নীতি থেকে শুরু করে রেশন চুরি, চাকরি চুরি, কয়লা চুরি, আরও কত কিছু! তবে এবার পুলিশ কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করার জন্য তৃণমূল আমলে যে বডি ক্যামেরা (Body Camera) কেনা হয়েছিল, সেখানেই উঠল দুর্নীতির অভিযোগ। জানা যাচ্ছে, উন্নত ক্যামেরার বদলে শুধুমাত্র বেসিক বডি ক্যাম্প কেনা হয়েছে। যেগুলিতে নেই অত্যাধুনিক কোনও সুবিধা, এমনকি দামও কম।

বডি ক্যামেরা নিয়ে দুর্নীতির অভিযোগ

আসলে পুলিশের ঘুষ চাওয়া নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। পাশাপাশি সাধারণ মানুষের উপর খারাপ আচরণের অভিযোগও ওঠে। সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই থানা কিংবা ট্রাফিকে কর্মরত পুলিশদেরকে এই বডি ক্যামেরা ব্যবহার করার নির্দেশ দিয়েছিল রাজ্য এবং কলকাতা পুলিশ কর্তৃপক্ষ। কিন্তু তৃণমূল আমলে কেনা এই বডি ক্যামেরাগুলির ছবি এবং অডিও স্পষ্ট ছিল না বলেই অভিযোগ। এমনকি এই ক্যামেরাগুলির কার্যকারিতা অনেকটাই কম। কেন বেসিক ক্যামেরা কেনা হল তা নিয়েই উঠছে প্রশ্ন। এমনকি এর জন্য গুজরাট পুলিশের ব্যবহার করা অ্যাক্সন বডি অন ক্যামেরা কেনার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।

তবে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের স্পষ্ট দাবি, তৃণমূলের আমলে ভয়তে এ বিষয়ে কেউ মুখ খোলেনি। কিন্তু রাজ্যে সরকারের পালাবদলের পরেই সামনে এল সেই অভিযোগ। রাজ্য সরকারের দাবি, ক্যামেরা কেনার ক্ষেত্রে কাটমানি ব্যবহার করা হয়েছে। এমনকি এই ক্যামেরা কেনার দায়িত্ব কোন সংস্থাকে দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখছে রাজ্য সরকার। সবথেকে বড় ব্যাপার, সেই সময় তৎকালীন সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, এই ক্যামেরাগুলি সর্বশেষ আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা। কিন্তু পরে সামনে আসে আসল দুর্নীতি।

আরও পড়ুন: নানুরে ডিম থেরাপির মুখে পড়লেন কাজল শেখ, তুমুল বিক্ষোভ এলাকায়

তবে নতুন সরকার দুর্নীতির সঙ্গে কোনও রকম আপস করবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তিনি। সেই কারণেই এবার পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য সরাসরি গুজরাট পুলিশের ব্যবহার করা অত্যাধুনিক অ্যাক্সন বডি অন ক্যামেরা কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই ক্যামেরাতে উন্নত ভিডিও কোয়ালিটির পাশাপাশি অডিও থাকবে স্পষ্ট। পাশাপাশি এগুলোতে রিয়েল টাইম ডেটা পাওয়া যাবে, এবং লাইভ স্ট্রিমিংও সম্ভব।