বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেটে দুর্দিন দেখতে হলেও সাদা বলে ঘোড়ার মতো দৌড়চ্ছে ভারত (Team India)। এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতিপক্ষদের নাস্তানাবুদ করে জগত সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে টিম ইন্ডিয়া। তবে আপাতত পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ বহুদূর। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নজরে 2027 ওয়ানডে বিশ্বকাপ। যা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার অন্দরে। এমতাবস্থায়, বিরাট সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সর্বশেষ তথ্য অনুযায়ী, টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকরের মেয়াদ বাড়িয়ে দিয়েছে BCCI।
বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন অজিত আগরকর
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক হিসেবে আগরকরের মেয়াদ শেষ হওয়ার কথা এ বছরের জুনে। তবে সামনেই যেহেতু একদিনের বিশ্বকাপ, তাই বাড়তি ঝুঁকি নিতে চায়নি বোর্ড। সে কারণেই প্রধান নির্বাচকের মেয়াদ 2027 সালের জুন মাস পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে। এর অর্থ, আসন্ন একদিনের বিশ্বকাপের দলটাও নির্বাচন করবেন অজিত। ফলে বিশ্বকাপের দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলবেন কিনা সেটা ঠিক করবেন এই ব্যক্তিই।
ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কোনও বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে দলের প্লেয়ারদের ফিটনেস সহ আনুষাঙ্গিক প্রয়োজনীয় পরীক্ষা করে তাদের দলে নির্বাচন করেন প্রধান নির্বাচক। আসন্ন একদিনের বিশ্বকাপে রোহিত এবং বিরাট খেলবেন কিনা তা নিয়ে কোন স্পষ্ট তথ্য মেলেনি। তবে অনেকেই আশা করছেন হয়তো 2027 এর টুর্নামেন্টে নামতে পারেন তাঁরা। যদিও বর্তমানে সবটাই নির্ভর করছে নির্বাচক অজিত আগরকরের উপর।
অবশ্যই পড়ুন: KKR-র জন্য সুখবর, রবিতেই কলকাতায় আসছেন ১৮ কোটির পেসার, খেলবেন আজ?
উল্লেখ্য, 2027 সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি রয়েছে প্রধান কোচ গৌতম গম্ভীরের। হিসেবে বিশ্বকাপ শেষ হয়ে গেলেই টিম ইন্ডিয়ায় নিজের দায়িত্ব ছাড়তে হবে তাঁকে। যদিও তার আগেই সম্প্রতি বোর্ডের কাছে 2028 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিজের চুক্তি বাড়িয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেডস্যার।










