“ইশানের কাছ থেকে কিছু শেখ..!” বৈভব সূর্যবংশীকে কড়া বার্তা ভারতীয় তারকার

Published:

Ishan Vaibhav

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিলীপ ট্রফির ফাইনালে ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন ইশান কিষাণ (Ishan Kishan)। পূর্বাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 270 রানের দাপুটে ইনিংস খেলে দলের স্কোরবোর্ডে 708 রান জুড়ে দিয়েছিলেন তিনিই! অন্যদিকে, পূর্বাঞ্চলের সহ অধিনায়ক হয়েও 44 রানের বেশি করতে পারেননি 15 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মজার বিষয়, বৈভব এবং ইশান দুজনেই ভারতীয় সিনিয়র দলের সদস্য। কিন্তু তা সত্ত্বেও ইশানের সাফল্যের মাঝে ফিকে হয়ে এসেছেন বিহারের ভূমিপুত্র! যা নিয়ে বৈভবকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিবেক রাজদান!

ইশানের কাছ থেকে বৈভবকে শেখার পরামর্শ

দিলীপ ট্রফির ফাইনালে দল পূর্বাঞ্চলের হয়ে ওপেনিং করতে নেমে 44 রানের ঝোড়ো ইনিংস খেলেন বৈভব। তবে এদিন বড় শট খেলতে গিয়ে উইকেট হারিয়েছিল ভারতীয় ক্রিকেটারের। যার কারণে যথেষ্ট হতাশ হয়েছিলেন ভক্তরা। বৈভবকে নিয়ে বেড়েছিল সমালোচনাও। যার পারদ আরও বেড়ে গেল ইশানের ডবল সেঞ্চুরির পরই। সম্প্রতি ধারাভাষ্যকার তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিবেক বৈভব সূর্যবংশীকে পরামর্শ দিতে গিয়ে বলেন, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করছে বৈভব সূর্যবংশী।

এদিন বৈভবকে নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বললেন, “বৈভব সূর্যবংশী স্যার, আপনাকে ইশান কিষাণের কাছ থেকে শিখতে হবে। একবার ক্রিজে টিকে গেলে, কীভাবে লম্বা ইনিংস খেলতে হয় সেটা শিখতে হবে। এই ইনিংসের জন্য প্রত্যেক খেলোয়াড়কে উঠে দাঁড়িয়ে হাততালি দেওয়া উচিত। এই ধরনের ইনিংস শুধুমাত্র প্লেয়ারের কৌশল বা ব্যাটিং প্রমাণ করে না বরং বোঝায় প্লেয়ারের কতটা ধৈর্য আছে, সে কতটা ফিট। এত গরমে ক্রিজে দাঁড়িয়ে থেকে এত বড় একটা ইনিংস খেলা সত্যিই প্রশংসনীয়। ইশান কিষাণ কী অসাধারণ ইনিংস খেলেছে!”

 

আরও পড়ুন: “সিনিয়র দলের কেউ না আসে …” ডার্বিতে বাগানকে রুখে মন্তব্য ইস্টবেঙ্গল কোচের

উল্লেখ্য, এবারের দিলীপ ট্রফিতে অভিষেক করার পর থেকে সেভাবে নিজেকে প্রমাণ করে দেখাতে পারেননি, বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে দলের জন্য শুরুটা ভালো করলেও গোটা সিজনে একটাও সেঞ্চুরি হাঁকাতে পারেননি বিহারের ভূমিপুত্র। তাতে হতাশা বেড়েছে এই খুদে ক্রিকেটারের ভক্তদের।