রয়েছে ১৯ হাজারেরও বেশি রান, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কেইন উইলিয়ামসন

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েই ফেললেন নিউজিল্যান্ড (New Zealand) দলের দক্ষ সৈনিক কেইন উইলিয়ামসন (Kane Williamson)। আজ অর্থাৎ শুক্রবার, কেইন জানিয়ে দিয়েছেন তিনি আর নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামবেন না। কিউই তারকা অবসর ঘোষণা করায় মন ভেঙেছে বহু ভক্তের। অনেকেই হয়তো জানেন না, আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি রান করেছেন উইলিয়ামসনই। তাই তো নিউজিল্যান্ড ক্রিকেটের রত্ন বলা হতো এই প্লেয়ারকে।

হঠাৎ কেন অবসরের সিদ্ধান্ত নিলেন কেইন?

হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত নেননি নিউজিল্যান্ড তারকা। অবসরের কথা জানানোর সাথে সাথে কেইন বললেন, বিগত বেশ কিছুদিন ধরেই নিজের অবসর নিয়ে চিন্তাভাবনা করছিলেন তিনি। বুঝতে পেরেছিলেন এটাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সঠিক সময়। তাই সিদ্ধান্তটা নিয়েই ফেললেন। কেইন বলেছেন, “নিউজিল্যান্ডের জার্সিতে নিজেকে পুরোটা উজাড় করে দিয়েছি। যখনই পেরেছি দলকে সাফল্য পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটা ভেবেই গর্ব হয়। আমার মনে হয় আর খেলা চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই।”

এদিন কিউই তারকা আরও বললেন, “নিউজিল্যান্ড দলের ভবিষ্যৎ নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। এই দলে অনেক তরুণ মুখ রয়েছে। রয়েছে একাধিক প্রতিভা। বড় কিছু করে দেখানোর খিদে আছে দলটায়। নিউজিল্যান্ড দল আমার হৃদয়ের অন্তস্থলে থাকবে।” নিউজিল্যান্ড দলের অন্যতম ভরসাযোগ্য প্লেয়ারের কথায় বোঝাই গিয়েছে, নতুনদের সুযোগ দেওয়ার জন্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাত গুটিয়ে নিয়েছেন তিনি।

অবশ্যই পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ নবান্নের

উল্লেখ্য, 16 বছরের দীর্ঘ ক্রিকেট জীবনে নিউজিল্যান্ড দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 19 হাজারেরও বেশি রান করেছেন কেইন উইলিয়ামসন। এরমধ্যে টেস্ট ক্রিকেটে 190টি ম্যাচ খেলে করেছেন 9,515 রান। অন্যদিকে ওয়ানডেতে 175টি ম্যাচে অংশ নিয়ে 7,256 রান করেছেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে 93 ম্যাচে জায়গা করে আড়াই হাজারেরও বেশি রান তুলেছেন এই কিউই স্টার।