বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে জয়ের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। IPL 2026 এর শুরু থেকে একটানা অসফলতা নিয়ে একেবারে হাঁপিয়ে গিয়েছিল শাহরুখ খানের দল। এদিকে পয়েন্ট তালিকায় (Indian Premier League) নামতে নামতে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল কলকাতা। সবমিলিয়ে, কঠিন অবস্থা শহরের এই দলের। ঠিক সেই আবহে গতকাল ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অর্ধশতরান করে দলকে জিতিয়েছেন সহ অধিনায়ক রিঙ্কু সিং। এই যা! একটু ভুল হয়ে গেল। শুধু রিঙ্কু নন, গতকাল কলকাতার প্রথম জয়ের নেপথ্যে রয়েছেন আরও দুজন প্লেয়ার।
রিঙ্কু ছাড়াও KKR-এর জয়ের নেপথ্যে রয়েছেন আরও দুজন
রবিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথমে ফিল্ডিং করতে নেমেছিল কলকাতা। সেই সূত্রেই ব্যাট করতে আসা বৈভব সূর্যবংশীদের দল রাজস্থানকে অল্প রানে বেঁধে ফেলে KKR। এদিন কলকাতার হয়ে দাপিয়ে বোলিং করেছিলেন বরুণ চক্রবর্তীরা। না বললেই নয়, গতকাল রাজস্থানের ইনিংস চলাকালীন প্রথম থেকে উইকেট ভাঙতে থাকেন বরুণ। এদিন বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেও ও রিয়ান পরাগের উইকেট ভেঙেছিলেন তিনিই। তাও আবার মাত্র 14 রান দিয়ে।
এখানেই শেষ নয়, বল হাতে এদিন কামাল দেখিয়েছিলেন ভারতের অনামি ক্রিকেটার কার্তিক ত্যাগীও। বরুণ চক্রবর্তীর পাশাপাশি 22 রান দিয়ে তিনটি উইকেট তুলেছিলেন তিনি। ক্রিকেট মহলের বেশিরভাগেরই দাবি, বরুণ এবং কার্তিক প্রথমেই 6 উইকেট ভেঙে রাজস্থানকে গুটিয়ে দেওয়ার কারণেই জয় পেয়েছে কলকাতা। আর একজনের কথা না বললেই নয় তিনি হলেন সুনীল নারিন। এদিন এই ক্যারিবিয়ান তারকাও 26 রান খরচ করে দুই উইকেট তুলেছিলেন।
অবশ্যই পড়ুন: IPL-র মাঝেই বিরাট খবর, ভারতের নাগরিকত্ব প্রত্যাখ্যান রশিদ খানের
প্রসঙ্গত, রবিবার রাজস্থানের দেওয়া 156 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য নিয়ে ফেরেন অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং ওপেনার টিম শেইফার্ট। এরপর অঙ্গকৃষ রঘুবংশী থেকে শুরু করে ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েলরা সে অর্থে কিছুই করতে পারেননি। এদিন কলকাতার দুঃসময়ে ব্যাট হাতে একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রিঙ্কু। 34 বলে 53 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি। সব মিলিয়ে বলা যায়, রিঙ্কু, বরুণ ও কার্তিকের লড়াইয়ে মরসুমের প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।










