IPL-র মাঝেই বিরাট খবর, ভারতের নাগরিকত্ব প্রত্যাখ্যান রশিদ খানের

Published:

Rashid Khan renounces Indian citizenship

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন বড় স্বীকারোক্তি আফগান তারকা রশিদ খানের (Rashid Khan)। ভারতের (India) বন্ধু দেশ আফগানিস্তানের এই দাপুটে প্লেয়ার একেবারে খোলাখুলি জানালেন, ভারত সহ মোট দুই দেশ তাঁকে নাগরিকত্ব দিতে চেয়েছিল। শুধু তাই নয়, এই দুই দেশের জার্সিতে নাকি খেলার কথা বলা হয়েছিল আফগান স্পিনারকে। তবে রশিদ খান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। নিজের দেশের প্রতি অনুগত থাকার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি সেটাই জানালেন গুজরাত টাইটান্স দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

বড় দাবি রশিদ খানের

ক্রিকেটে পা রেখেছেন বহুদিন হয়েছে। রশিদ খানের মতো ক্রিকেটারের জন্যই আফগানিস্তানের ক্রিকেট জনপ্রিয়তা পেয়েছে সে কথা অস্বীকার করা যায় না। 27 বছরের ক্রিকেট জীবনে বহু ওঠা পড়া দেখেছেন এই খেলোয়াড়। সেই রশিদ তাঁর আসন্ন এক বই ফ্রম স্ট্রিটস টু স্টারডম এ দাবি করেছেন, “আমাকে ভারত এবং অস্ট্রেলিয়া থেকে নাগরিকত্ব অফার করা হয়েছিল। এই দুই দেশ আমাকে তাদের খেলতেও বলেছিল। তবে আমি ওদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছি আমি যদি আমার দেশের হয়ে না খেলতে পারি, তাহলে আমি অন্য কোনও দেশের হয়ে খেলবো না।”

এদিন বিশেষ করে ভারত প্রসঙ্গে কথা বলতে গিয়ে রশিদ বলেছিলেন, গুজরাতের হয়ে IPL খেলছেন এমন সময় দলের অফিসিয়ালরা তাঁকে জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তাঁর সঙ্গে দেখা করতে চান। পরে সেই ব্যক্তির সাথে দেখা করে কুশল বিনিময় করেছিলেন রশিদ খান। তাঁর কথায়, “আমি দেখা করতে গিয়েছিলাম। তাঁর সাথে কুশল বিনিময়ও করি। উনি আমাকে বলেছিলেন তোমার দেশের অবস্থা খুব খারাপ। তুমি ভারতে থাকো। আমরা তোমাকে ভারতের নথি দিয়ে দেব। নাগরিকত্ব পাবে। এখানে ক্রিকেট খেলো। ওনার এমন কথা শুনে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। প্রথমে ভাবতে পারছিলাম না কী উত্তর দেব। তবে পরে হেসে জানিয়ে দিই ধন্যবাদ। আমি আমার দেশের হয়েই খেলব।”

অবশ্যই পড়ুন: মোদীর ঝালমুড়ি খাওয়ার জেরে প্রচার স্থগিত, সূচি বদলে ঝাড়গ্রামে যাচ্ছেন অভিষেক

প্রসঙ্গত, ক্রিকেটে বল এবং ব্যাট উভয় ক্ষেত্রেই নিজেকে মেলে ধরেছেন রশিদ খান। ভাল পারফর্ম করে কীভাবে ভক্তদের নজরে আসা যায় সেটা ভাল মতোই জানেন আফগানিস্তানের এই ক্রিকেটার। আফগানিস্তানের পাশাপাশি ভারতেও রশিদ খানের অগণিত ভক্ত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপটের সাথে এই প্লেয়ারকে খেলতে দেখে এর আগে বেশ কয়েকবার রশিদ খানকে ভারতের নাগরিকত্ব নিয়ে নেওয়ার আবেদন জানিয়েছিলেন ভারতীয় সমর্থকরাও।