বিক্রম ব্যানার্জী, কলকাতা: একের পর এক ম্যাচে হার। পাঞ্জাবের বৃষ্টি বিঘ্নিত ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্ট, এসব নিয়েই এখন পয়েন্ট তালিকার একেবারে তলানিতে কলকাতা নাইট রাইডার্স(Kolkata Knight Riders)। নিজের প্রিয় দলের এমন দুরবস্থা বোধহয় এর আগে দেখেননি নাইট ভক্তরা। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে কলকাতাকে যেভাবে হারতে হলো তা দেখে রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেন এভাবে লাগাতার একের পর এক ম্যাচে হেরে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স? কোন ভুলের কারণে KKR এর এমন দৈনদশা?
ঠিক কোন কারণে হারছে KKR?
পরপর চারটি ম্যাচে হার। পাঞ্জাব কিংসের ম্যাচে বৃষ্টি না হলে বোধহয় 5 ম্যাচের 5টিতেই হারতে হতো শাহরুখ খানের দলকে। নাইট রাইডার্সের খারাপ অবস্থা দেখে ভক্তরা বলছেন, “এভাবে আর কতদিন? কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে এবার থেকে প্লেয়ার কেনার আগে ভাবতে হবে।” প্রশ্ন উঠছে ঠিক কেন হেরে যাচ্ছে কলকাতা? ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, লাগাতার KKR এর হারের নেপথ্যে রয়েছে মিডিল অর্ডারের ব্যর্থতা।
আসলে ব্যাট হাতে অজিঙ্কা রাহানেরা শুরুটা ভাল করলেও মাঝপথে এসে ডুবতে হচ্ছে কলকাতাকে। ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিংদের ক্রমাগত ব্যর্থতা কলকাতার হারের সবচেয়ে বড় কারণ। যেখানে গ্রিন এবছর কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটার। অন্যদিকে রিঙ্কু শাহরুখের দলের সহ অধিনায়ক।সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে এই দুই প্লেয়ারের উপর দায়িত্ব কতটা। কিন্তু তাও দলের জন্য কিছুই করতে পারছেন না তাঁরা।
অবশ্যই পড়ুন: যে কারণে অধিনায়কের পদ হারাতে পারেন সূর্যকুমার
ব্যাটিং অর্ডারের ব্যর্থতার পাশাপাশি KKR এর বোলিং বিভাগ এবছর যথেষ্ট দুর্বল। বরুণ চক্রবর্তীর মতো গুরুত্বপূর্ণ বোলাররা এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিছুতেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না। অন্যদিকে বৈভব আরোরারা 4 ওভারের কোটায় দু-একটা উইকেট নিলেও রান দিচ্ছেন ঢেলে ঢেলে। এদিকে রাচিন রবীন্দ্রর মতো দামি প্লেয়ারকে বসিয়ে রেখেছে নাইট ম্যানেজমেন্ট। সর্বোপরি, অধিনায়ক হিসেবে একেবারে ডাহা ফেল রাহানে। ব্যাটে দলকে সঙ্গ দিলেও অধিনায়ক হিসেবে গতবারের মতোই খাতায় শূন্য নিয়ে ফিরতে হচ্ছে ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটারকে। সবমিলিয়ে বলাই যায়, এবছর কলকাতার গোছানো দল একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে!










