বিক্রম ব্যানার্জী, কলকাতা: টানটান উত্তেজনা ধরে রেখেই শেষ হল এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)। 10 দলের মধ্যে একপ্রকার হাড্ডাহাড্ডি লড়াই শেষে করে ফের লাভের গুড় খেলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। গতবারের চ্যাম্পিয়নরা এবারেও নিজেদের ক্ষমতা প্রদর্শন করল। গুঁড়িয়ে দিল প্রতিপক্ষ গুজরাত টাইটান্সকে। তবে এবছরের ফাইনালে বেঙ্গালুর ভাগ্যটা কিন্তু নির্ধারণ করেছেন বিরাট কোহলি। ব্যাট হাতে লড়াই করে দলকে জয়ের শিখরে নিয়ে গিয়েই দাঁড়ালেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। প্রমাণ করলেন, তিনি এখনও দমে যাননি!
গুজরাতের লড়াই ভেস্তে দিল RCB
রবিবারের হাই ভোল্টেজ ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু সামনে একেবারে ধুঁকতে হয়েছিল গুজরাতের ব্যাটসম্যানদের। এদিন নির্ধারিত 20 ওভারের মধ্যে 8 উইকেট হারিয়ে 155 রান তুলতে পেরেছিল শুভমন গিলের দল। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে শুরুর দিকে কিছুটা এগোলেও পরে একেবারে ধাক্কা খেতে থাকে RCB। তবে একের পর এক উইকেট পড়লেও ব্যাট হাতে ক্রিজে টিকে ছিলেন বিরাট কোহলি। তিনিই শেষ পর্যন্ত বেঙ্গালুরুর জয় নিশ্চিত করলেন।
রবিবারের ম্যাচে শুরুতে 32 রান করে মাঠ ছেড়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। এরপর যারাই মাঠে এসেছেন 30 রানের গন্ডি ছুঁতে পারেননি কেউই। তার মধ্যেই দলের কঠিন সময়ে মাথা শান্ত রেখে অল্প অল্প করে রান করছিলেন বিরাট। আসলে এই সময়টায় ক্রিজে টিকে থাকাটাই বড় ব্যাপার। রান যেহেতু অল্প ফলে বিরাট ঠিক করে নিয়েছিলেন তিনি দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়বেন। শেষ পর্যন্ত সেটাই হল।
অবশ্যই পড়ুন: AI-র দুনিয়ায় ঝড় তুলতে মেগা প্ল্যান গৌতম আদানির!
বিরাট কোহলির ব্যাটের দাপটে একেবারে কুপোকাত হয়ে গেল প্রতিপক্ষ। এদিন একেবারে প্রথম থেকে ব্যাট করে দলের জন্য কঠিন সময় পার করেছিলেন কোহলি। ম্যাচ যখন 18 ওভারে, 17 বলে জিততে গেলে বেঙ্গালুরুকে করতে হবে 7 রান। হাতে যেহেতু বলের সংখ্যা বেশি ফলে ছোট ছোট রান নিয়ে এগিয়ে যাচ্ছিলেন জিতের শর্মা এবং বিরাট কোহলি। শেষ পর্যন্ত দলের হয়ে শেষটাও করলেন তাঁরাই। আজ বিরাট খেললেন 42 বলে 75 রানের অপরাজিত ইনিংস। তাতে গুজরাতকে বাইরের পথ দেখিয়ে একটানা দ্বিতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ট্রফি কাঁধে তুলল RCB। সেই RCB যারা 17 বছরেরও বেশি সময় ধরে চ্যাম্পিয়নই হতে পারেনি।










