৩ বছরে ৩ বার দল বদল, মাঝপথে হঠাৎ IPL-এ ঢুকে পড়লেন সেই প্লেয়ার

Published:

IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) মাঝপথে হঠাৎ চোটের কারণে ছিটকে গিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা পেসার ইংল্যান্ডের ডেভিড পেইন। গোটা IPL থেকে এই দাপুটে বোলার ছিটকে যেতেই তাঁর পরিবর্ত হিসেবে নতুন প্লেয়ারের নাম ঘোষণা করেছে SRH। পেইনের বদলি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে হায়দরাবাদে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এক জোরে বোলার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই প্লেয়ার গত 3 বছরে এই নিয়ে তিনবার দলবদল করলেন।

হঠাৎ IPL এ প্রবেশ করলেন এই প্লেয়ার

নিজামের দলের ইংলিশ বোলার গোড়ালির চোটের কারণে ছিটকে যেতেই তাঁর বদলি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রবেশ করেছেন দক্ষিণ আফ্রিকার পরিচিত মুখ, জোরে বোলার জেরাল্ড কোয়েটজি। বলে রাখি, দক্ষিণ আফ্রিকার এই ডান হাতি ফার্স্ট বোলার বল হাতে বেশ ভয়ংকর। দলের কঠিন সময় উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর।

এই প্রোটিয়া তারকার ক্রিকেট কেরিয়ারে চোখ রাখলে দেখা যাবে, আজ পর্যন্ত মোট চারটি টেস্ট, 14টি ওয়ানডে এবং 18টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এই আসরে মোট 67টি উইকেট রয়েছে দক্ষিণ আফ্রিকান বোলারের। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 2024 সাল থেকে 2026 অর্থাৎ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পর্যন্ত পরপর তিনবার দল বদলেছেন তিনি। 2024 সিজনে জেরাল্ড খেলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। এরপর গতবার তাঁকে দেখা যায় গুজরাতে। তবে এ বছর তিনি খেলবেন SRH এ।

অবশ্যই পড়ুন: শুধুই ব্যর্থতা, চাকরি যাচ্ছে KKR-র প্রধান কোচ নায়ারের? প্রকাশ্যে বিকল্প নাম

প্রসঙ্গত, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে 2 কোটি টাকার বেস প্রাইসে নাম লিখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই বোলার। তবে জেরাল্ডকে কিনতে কোনও দলই এগিয়ে আসেনি। ফলে নিলামে অবিক্রিত ছিলেন তিনি। তবে এবার সেই 2 কোটির বেস প্রাইস দিয়ে এই প্লেয়ারকে কিনে নিল নিজামের দল।