টেস্ট ড্র করে ভারতের চরম ক্ষতি করে দিল শ্রীলঙ্কা, WTC ফাইনালে ওঠার লড়াই আরও কঠিন

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্ট জিতলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্ট ড্র হয়ে যাওয়ার কারণে আখেরে ক্ষতি হয়ে গেল ভারতেরই (Team India)। টিম ইন্ডিয়ার 503 রানের জবাবে প্রথম ইনিংসে 290 রান করে অলআউট হয়ে গিয়েছিল লঙ্কান বাহিনী। আর তাতেই ভারতের ফলো অনের মুখে পড়তে হয় তাদের। তবে সেখান থেকেই যেন ভাগ্যের চাকা নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত 9 উইকেট হাতে রেখে 429 রান তুলে ম্যাচে সমতা বজায় রাখল লঙ্কান দল। আর সেটাই ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) বিপাকে ফেলেছে।

ক্ষতি হয়ে গেল ভারতের

প্রথম টেস্ট জয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জেতাও ভারতের হাতের মুঠোয় ছিল। তবে শেষ পর্যন্ত লঙ্কান ব্যাটসম্যানদের সঙ্ঘবদ্ধ চেষ্টায় ড্র হয়ে গেল ম্যাচ। আর তাতেই আটকে গেল ভারত। সমীকরণ বলছে, ভারত যদি দ্বিতীয় টেস্ট জিততে পারতো তবে বাংলাদেশকে টপকে WTC পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে যেত, তবে সেটা না হওয়ায় পঞ্চম স্থানেই আটকে রইল টিম ইন্ডিয়া।

এখানেই শেষ নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই ভারতের জন্য আরও কঠিন হয়ে গেল। সদ্য শেষ হওয়া টেস্টের পর ভারতকে আরও 7টি টেস্ট খেলতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে পারলে ভারতকে এই 7 টেস্টের মধ্যে অন্তত পাঁচটি জিততে হতো, তবে দ্বিতীয় টেস্ট ড্র হয়ে যাওয়ায় এবার ভারতকে জিততেই হবে ছয়টি ম্যাচ। তাও আবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে।

আরও পড়ুন: শুধু T20-তেই ৬৫০ উইকেট, বিশ্বের দ্বিতীয় প্লেয়ার হলেন KKR তারকা নারিন

বলাই বাহুল্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে না পারায় ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পয়েন্ট শতাংশও কমিয়ে নিয়েছে। এই ড্রয়ের ফলে ভারতের পয়েন্ট শতাংশ 53.33 শতাংশ থেকে নেমে 51.52 শতাংশে চলে এসেছে। ওদিকে নিশ্চিত হারের মুখ থেকে ফিরে এসে নিজেদের বাঁচিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। এর ফলে চার পয়েন্ট ঘরে তুলে তারা এই মুহূর্তে ষষ্ঠ স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছে।