বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে এক প্রকার রাজত্ব করছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। একটি ম্যাচ বাদে এ বছর যে ম্যাচেই বৈভবের পা পড়েছে সেখানেই নিজের সাধ্যমত দলকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন বিহারের এই কিশোর। তিনি যে আদতেই বিস্ময় বালক বারবার চোখে আঙুল দিয়ে তা প্রমাণ করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার। তবে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৈভবের থেকেও বিধ্বংসী ব্যাটিং করছেন 24 বছর বয়সী এক প্লেয়ার। অনেকেই বলছেন, তিনি বৈভব সূর্যবংশীর থেকেও বেশি বিধ্বংসী ব্যাটম্যান।
বৈভবের থেকেও বিধ্বংসী এই প্লেয়ার
এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে নিজের জাত চেনাচ্ছেন প্রিয়াংশ আর্য। পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নেমে প্রতিপক্ষের বোলারদের একেবারে ঘাম ছুটিয়ে দিচ্ছেন তিনি। গতকাল LSG-র ম্যাচে মিলেছে তার প্রমাণ। এ দিন পাঞ্জাবের হয়ে ওপেনিং করতে নেমে প্রথমেই 37 বলে 93 রানের বিধ্বংসী ইনিংস খেলেন প্রিয়াংশ। শেষ মুহূর্তে এম সিদ্ধার্থের বলে আউট না হলে বোধহয় সেঞ্চুরি করেই ফেলতেন তিনি। এদিন 37 বলে 4টি চার ও 9টি ছয় মেরে প্রতিপক্ষের বোলারদের অবস্থা একেবারে খারাপ করে রেখে দিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এদিন প্রিয়াংশের স্ট্রাইক রেট গিয়ে দাঁড়িয়েছিল 251.35 এ। বলা যেতে পারে এই ভারতীয় ক্রিকেটার ব্যাট হাতে এভাবে জ্বলে না উঠলে বোধহয় গতকালের ম্যাচ জেতা হতো না পাঞ্জাবের। এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত 211 রান করেছেন প্রিয়াংশ। সবচেয়ে বড় কথা, দ্রুত গতিতে রান করার ক্ষমতা রাখেন এই ভারতীয়। আর এই বিস্ফোরক ব্যাটিংয়ের কারণে বহু ক্রিকেট ভক্তের মনে বৈভবকেও ছাপিয়ে গিয়েছেন তিনি।
অবশ্যই পড়ুন: রিয়ান পরাগের এই এক ভুলেই জিতে গেল KKR?
বলে রাখি, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিস্ফোরক ব্যাটিং করে নিজেকে মেলে ধরেছেন বৈভব সূর্যবংশী। বর্তমানে বৈভবের স্ট্রাইক রেট 236.53। তবে পাঞ্জাব কিংসের গুরুত্বপূর্ণ ওপেনার দুর্ধর্ষ ব্যাটিং দিয়ে নিজের নিজের স্ট্রাইক রেট নিয়ে গিয়েছেন 248.23 এ। অর্থাৎ বৈভবের থেকে অনেকটাই এগিয়ে তিনি। তাছাড়াও এ সিজনে 200-র বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় রয়েছে প্রিয়াংশ আর্য নামটা।










