প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা ভাদ্রেও হাল ছাড়ছে না বৃষ্টি, কলকাতার বিভিন্ন অঞ্চলে দফায় দফায় দিন রাত হয়েই চলেছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে (North Bengal) উইকেন্ডেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয় দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় আগামীকালও (Weather Tomorrow) বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।
হাওয়া অফিস জানিয়েছে এইমুহুর্তে মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাও উত্তরবঙ্গ এবং অসমের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। তাই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। আগামীকালও উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মধ্যে রোদের ঝলক দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘ জমে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে বেশ।
কলকাতার আবহাওয়া
আগামীকাল, কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ দেখা যাবে। পরে পরিষ্কার হয়ে গেলে দুপুরের পর থেকেই কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু এখানেও জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে এবং ঘামের পরিমাণ বাড়বে। তবে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টি।
আরও পড়ুন: একমাসে ৮৯ শিশুর মৃত্যু মালদহ মেডিক্যালে, রিপোর্ট প্রকাশ্যে আসতেই সরানো হল সুপারকে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল রবিবার, দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জেলায় সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এছাড়াও মালদা দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে।










