সহেলি মিত্র, কলকাতাঃ প্রবল বৃষ্টিতে একদিকে যখন উত্তরবঙ্গ ভাসছে, তখন চরম অস্বস্তিতে রয়েছে দক্ষিণবঙ্গ। কবে স্বস্তি পাবে বাংলার মানুষ? সেই প্রশ্নই সকলের মনে উঁকি দিচ্ছে। এই বাজে গরম কবে যাবে এবং বাংলায় বর্ষা পা রাখবে, উঠছে প্রশ্ন। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, সুপার এল নিনো-র প্রভাবে সমগ্র ভারত জ্বলছে। বাড়ি থেকে বাইরে বেরোলেই যেন মনে হচ্ছে চামড়া ঝলসে যাচ্ছে। এদিকে আলিপুর আবহাওয়া অফিস (Weather Today) জানিয়েছে, আজ শনিবারেও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হলে তা সাময়িক স্বস্তি দেবে, দীর্ঘ সময়ের জন্য নয়। ভালো ঝড় বৃষ্টির জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এছাড়া ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
দক্ষিণ উপকূলীয় ওড়িশা ও সংলগ্ন এলাকার ওপর অবস্থানকারী উপরের স্তরের ঘূর্ণাবর্ত বর্তমানে অভ্যন্তরীণ ওড়িশা ও সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে। এছাড়াও উত্তর-পশ্চিম উত্তর প্রদেশের ওপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত থেকে অভ্যন্তরীণ ওড়িশার ওপর অবস্থানকারী উপরের স্তরের ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তর প্রদেশ ও ছত্রিশগড়ে ওপর দিয়ে বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক শনিবার সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। জানা গিয়েছে, জোড়া ঘূর্ণাবর্তের ফলায় আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
রবিবার ছুটির দিন থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির দাপট চলবে বলে খবর। রবিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি পরিমানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।










