সহেলি মিত্র, কলকাতা: মুহূর্তের মধ্যে বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া (Weather Today)। প্রবল বজ্রপাত সহযোগে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। আবারো একবার নিম্নচাপ অঞ্চলের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এরই সঙ্গে নতুন করে বাংলায় দুর্যোগের অশনি সংকেত দেখা দিয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা, সেইসঙ্গে মাত্রাতিরিক্ত গরমও বিরাজ করছে। ভাদ্র মাসের পচা গরম বাংলায় দাপিয়ে বেরাচ্ছে। তবে বৃষ্টি কি স্বস্তি বয়ে আনবে?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, হুগলি, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বর্তমান আবহাওয়া সম্পর্কে বললে, বর্তমানে মৌসুমী অক্ষরেখাটি অমৃতসর, আম্বালা,মুজাফফরনগর দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকার ওপর অবস্থানরত নিম্নচাপ এলাকার কেন্দ্র রাঁচি,দীঘা এবং সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই সঙ্গে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর পশ্চিমবঙ্গসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলের ওপর অবস্থান করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া শুক্রবার সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। যদিও বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পঙ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে শনিবারের আবহাওয়া? আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। সেইসঙ্গে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পার দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।










