তৈরি সিস্টেম! বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৪ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: দফায় দফায় ঝড় বৃষ্টি দাপট চলছে বাংলার জেলাগুলিতে। যদিও নিম্নচাপের কেন্দ্র দক্ষিণবঙ্গের উপর না থাকলেও কেন বারবার দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে বজ্রবৃষ্টির সেল? এই প্রশ্ন সকলের। এরকম পরিস্থিতির নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ ও আর্দ্র বায়ু, নিম্নচাপের ঘূর্ণনজনিত বায়ুপ্রবাহ ও নানা সিস্টেম। সেই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তের দাপট। এরকম নানা আবহাওয়া সিস্টেমের কারণে আজ শনিবারও বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আর সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া সঙ্গে দুর্যোগের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি উত্তর-পশ্চিম সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার এবং উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপরের বায়ুস্তরের অক্ষরেখাটি উত্তর রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের উপর দিয়ে উত্তর-পশ্চিম সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে শ্রীগঙ্গানগর, চুরু, শিবপুরী, সাগর, বিলাসপুর হয়ে উত্তর-পশ্চিম সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর অবস্থিত নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত এবং সেখান থেকে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

আরও পড়ুনঃ শিক্ষক, কর্মীদের ছুটি মঞ্জুরের আগে নিতে হবে NOC, বিজ্ঞপ্তি WBCHSE-র

আগামীকালের আবহাওয়া

রবিবারে আবহাওয়া সম্পর্কে বললে এদিন তেমন দুর্যোগের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া,কলকাতা, বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই। উত্তরবঙ্গের কথা বললে, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতেও চলতে পারে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি।