প্রীতি পোদ্দার, কলকাতা: সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ রাজ্যের বহু জেলায়। কখনও ঝমঝমিয়ে তো কখনও আবার টিপ টিপ করে জল পড়ছে। তবে এখনই কাটছে না বৃষ্টি দুর্যোগ। আগামীকাল (Weather Tomorrow) শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। রবিবার থেকে বদলাবে আবহাওয়া। তবে আপাতত উত্তরবঙ্গের (North Bengal) ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও সপ্তাহান্ত থেকে শুরু হবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, সক্রিয় মৌসুমী অক্ষরেক্ষা বর্তমানে রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এখানেই শেষ নয়, সাগরের উপর নাকি আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যার ফলে উত্তর থেকে দক্ষিণ সমগ্র জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, চলতি সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে দফায়-দফায় হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে সকাল থেকেই। ইতিমধ্যেই ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়ায়। বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে শনিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কমবে বৃষ্টির বাড়বাড়ন্ত। আপাতত রবিবার এবং সোমবার বৃষ্টির কোনও সতর্ক বার্তা নেই দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: ডিউটির মাঝেই মৃত্যু! সিউড়ির হাসপাতালে বন্ধ কেবিন থেকে উদ্ধার নার্সের দেহ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
গত কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে সমগ্র জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও রবিবার থেকে উত্তরবঙ্গে বদলে যেতে পারে পরিস্থিতি। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।










