রবি থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! চার জেলায় সর্তকতা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: ভ্যাপসা গরমের মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)। জানা গিয়েছে রবি থেকেই জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি (Weather Tomorrow) হওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরেই কলকাতা (Kolkata) সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে রোদও দেখা দিচ্ছে কিছু কিছু জেলায়। তাতেই বাড়ছে গরম। তবে এবার সেই গরমের মধ্যেই খানিক স্বস্তি আনতে চলেছে বৃষ্টি।

হাওয়া অফিস জানিয়েছে এইমুহুর্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছুটা অগ্রসর হয়ে বঙ্গোপসাগরের অনেকটা অংশ ঢেকে ফেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রায় পুরো এলাকা, বিহারের কিছুটা অংশ এবং ওডিশা ও ঝাড়খণ্ডেরও কিছুটা অংশে পৌঁছে গিয়েছে। তবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও তার দেখা মেলেনি। তবে আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবারও চলবে বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে বিভিন্ন জেলায়। মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে আর তাতেই বাড়বে ভ্যাপসা গরম। তবে বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম জেলায় ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আগামী সোমবার পর্যন্ত থাকবে এই পরিস্থিতি। যদিও সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা এখনই দিচ্ছে না হাওয়া অফিস।

আরও পড়ুন: রাজ্যের আলু চাষিদের জন্য বড় ঘোষণা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

বিগত কয়েক সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি হয়েই চলেছে। আর এবার বর্ষা ঢুকতেই ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে জেলায় জেলায়। আগামীকাল, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, কালিম্পঙেও ভারী বর্ষণ হবে। উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও তালিকায় রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর, প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে আগামী বেশ কয়েকদিন।