সহেলি মিত্র, কলকাতা: আশঙ্কা সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হলো আরো একটি নিম্নচাপ। এর ফলে আজ শুক্রবার থেকেই আবহাওয়ার (Weather Today) বিরাট ভোলবদল ঘটতে চলেছে। জেলায় জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ ফের একবার ভাসতে চলেছে। উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। যে কারণে আপাতত মৎস্যজীবীদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে ঝড় বৃষ্টি হলেও গরম কিন্তু এখনই কমবে না বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।
উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থানরত উচ্চচাপের ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হয়েছে। এটি একই অঞ্চলে অবস্থান করছে। এছাড়াও উত্তর হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থিত নিম্নচাপ এলাকার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আর শুক্রবার সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। পূর্বাভাস অনুযায়ী এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও।
আরও পড়ুনঃ পুলিশের ডিউটির ফাঁকে সবুজের সাধনা, ১০ হাজারের বেশি গাছ লাগিয়ে নজির ASI নিশীথ বিশ্বাসের
সমুদ্রপৃষ্ঠে গড় অবস্থান অনুযায়ী মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে জম্মু, দেরাদুন, ফতেহগড়, প্রয়াগরাজ, আম্বিকাপুর, ঝাড়সুগুড়া হয়ে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থিত নিম্নচাপ এলাকার কেন্দ্রের উপর দিয়ে অগ্রসর হয়ে সেখান থেকে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামীকালের আবহাওয়া
শনিবার থেকে ফের কিছুটা বৃষ্টিপাত কমতে চলেছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে। এদিন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও হালকা থেকে বিকৃত বৃষ্টিপাত চলতে পারে হাওড়া,কলকাতা, হুগলি, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।










