প্রীতি পোদ্দার, কলকাতা: পুজো প্রায় দোরগোড়ায় এসে গিয়েছে, পাড়ায় পাড়ায় চলছে মণ্ডপ সজ্জার শেষ মুহূর্তের কাজ। কিন্তু পুজোর মাস শুরু হতে না হতেই ফের বৃষ্টির আশঙ্কা দেখা গেল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি অনেকটাই দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে (Low Pressure) পরিণত হতেই তার প্রভাবে আজ থেকে রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। আগামীকাল (Weather Tomorrow) শুক্রবারও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়তেই আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে। মূলত বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্য কয়েকটি জেলাতেও ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়লেও আগামীকাল শুক্রবার কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিষ্কার আবহাওয়া থাকলেও বেলা যত বাড়বে আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাবে। তবে আগামী শনিবার থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে। কলকাতা এই মুহূর্তে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে বৃষ্টি কমলেও অস্বস্তি পুরোপুরি কাটবে না। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে তাতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়বে এবং গরমের সঙ্গে ভ্যাপসা পরিবেশ বজায় থাকতে পারে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে আগামীকাল, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিচ্ছিন্ন ভাবে হালকা বৃষ্টি হতে পারে। পাহাড়ের এই পাঁচ জেলায় আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সোমবারের পর পাহাড়ে বৃষ্টির প্রবণতা কমতে পারে এবং আকাশ মেঘমুক্ত থাকতে পারে।










