আনিষা চৌধুরী, কলকাতা: নৃশংসতার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে তথাকথিত সভ্য মানব সমাজ! মানুষ আর মানুষ নেই, ধীরে ধীরে দানবের পরিণত হচ্ছে। সম্পর্কের টানাপড়েনের জেরে এবার তারই ভয়াবহ পরিণতি দেখল দক্ষিণ কলকাতার (Kolkata) বিক্রমগড়। লিভ-ইন সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের রাগে তাঁর দুই পোষ্য কুকুরকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
দুই পোষ্যকে নৃশংসভাবে হত্যা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্য এবং ডিজে পেশার সঙ্গে যুক্ত পারি নোভা বিক্রমগড়ের একটি ফ্ল্যাটে একসঙ্গে ভাড়া থাকতেন। বেশ কিছু পোষ্য কুকুরও ছিল তাঁদের সঙ্গে। সম্প্রতি তাঁদের সম্পর্কে অবনতি হয়। এরপরই ওই মহিলা সম্পর্ক থেকে বেরিয়ে ফ্ল্যাট ছেড়ে চলে যান। তবে নিজের পোষ্যদের অভিযুক্তের কাছেই রেখে গিয়েছিলেন তিনি।
স্থানীয় সূত্রের দাবি, সম্পর্ক ভাঙার পাশাপাশি টাকা নিয়েও দু’জনের মধ্যে অশান্তি হয়েছিল। অভিযোগ, প্রেমিকার চলে যাওয়ার প্রতিশোধ নিতেই নিরীহ প্রাণীগুলির উপর আক্রোশ উগরে দেন সঞ্জীব। অশান্তির বলি হতে হয় দুটি অসহায় অবলা প্রাণীকে। শনিবার একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেন তিনি। অন্য একটি কুকুরের মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে খুন করা হয় বলে অভিযোগ।
ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয়। অভিযোগ, একটি কুকুরকে ঝুলন্ত অবস্থায় দেখিয়ে প্রাক্তন সঙ্গীকে ভিডিও কলও করেন অভিযুক্ত। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ফ্ল্যাটে পৌঁছে দু’টি কুকুরের মৃতদেহ দেখতে পান। ঘরজুড়ে ছড়িয়ে ছিল রক্ত। খবর পেয়ে যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: নিজের ৪৯ বছরের সঙ্গীকে প্রকাশ্যে আনলেন সচিন তেন্ডুলকর
অন্যদিকে, কেন পোষ্যদের ফেলে চলে গেলেন, সেই প্রশ্নের জবাবে পারি নোভা জানিয়েছেন, নিজের জীবন নিয়েই আশঙ্কায় ছিলেন তিনি। তাঁর অভিযোগ, গত ছয়-সাত মাস ধরে প্রায় প্রতিদিনই শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁকে। প্রাণের ভয়ে ফ্ল্যাট ছাড়তে বাধ্য হন। তাঁর কথায়, ওই বাড়িতে থাকলে তাঁকেও মেরে ফেলতে পারতেন অভিযুক্ত। গোটা ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন পশুপ্রেমীরা।










