‘তৃণমূল সরকার শুধু মুসলিমদেরই সংখ্যালঘু বলে মনে করত’, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Published:

mamata suvendu conflict (1)

আনিষা চৌধুরী, কলকাতা: ক্ষমতায় আসার পর থেকেই আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও অনিয়মের প্রসঙ্গ তুলে সরব হয়েছে নতুন সরকার। এবার সংখ্যালঘু ইস্যুতে মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল সরকার শুধু মুসলিম সম্প্রদায়কেই সংখ্যালঘু হিসেবে বিবেচনা করত। এই প্রসঙ্গে তিনি বলেন, “সংখ্যালঘু মানে কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায় নয়। শিখ, বৌদ্ধ এবং জৈনরাও ধর্মীয় সংখ্যালঘু। কিন্তু আগের তৃণমূল সরকার শুধু মুসলিমদেরই সংখ্যালঘু বলে মনে করত।”

কী বলছেন মুখ্যমন্ত্রী?

রবিবার কলকাতার বড়বাজারের গুরুদ্বার বড়া শিখ সঙ্গতে যান মুখ্যমন্ত্রী। সেখানে শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পাশাপাশি তাঁদের আয়োজিত নগর কীর্তন বা শোভাযাত্রাতেও অংশ নেন শুভেন্দু। শিখ সম্প্রদায়ের প্রশংসা করে তিনি বলেন, “তাঁরাই সবচেয়ে প্রকৃত দেশপ্রেমিক।”

এর আগেও মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলেছেন শুভেন্দু। তাঁর দাবি, নির্বাচনে রাজনৈতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যেই এই ধরনের নীতি গ্রহণ করেছিল পূর্ববর্তী সরকার। বামফ্রন্ট ও তৃণমূল, দুই সরকারের বিরুদ্ধেই ধর্মীয় উৎসব, সাংস্কৃতিক পরম্পরা এবং ভাষাগত পার্থক্যকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগও তুলেছেন তিনি।

ভাষাগত বিভেদের মাধ্যমে সনাতন সমাজকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “বিহার, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকে আসা ভারতীয় নাগরিকদের বহিরাগত তকমা দেওয়া হয়েছিল, অথচ বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের যথেষ্ট আতিথেয়তা দেওয়া হয়েছিল।” এই মন্তব্যের মাধ্যমে আগের সরকারের নীতি নিয়ে ফের প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন: শান্তিনিকেতনে পুলিশকে গুলি করে পালানোর অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত রতন শেখ

পাশাপাশি বামপন্থী এবং তৃণমূল, দুই রাজনৈতিক শিবিরকেই কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, “আমরা বাংলার মানুষের কাছ থেকে ৩৪ বছরের পুরনো নাস্তিক কমিউনিস্ট এবং ১৫ বছরের জামাতপন্থী তৃণমূলকে চিরতরে দূরে রাখার কাজ করব। বর্তমান সরকার নিশ্চিত করবে, তারা যেন আর কখনও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ না পায়।”

google button