আনিষা চৌধুরী, কলকাতা: ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-কে ঘিরে শুরু থেকেই একাধিক সমস্যা ও বিতর্ক সামনে এসেছে। কোথাও জীবিত ব্যক্তিকে মৃত হিসেবে চিহ্নিত করা, কোথাও আবার দীর্ঘদিনের ভোটারের নাম অকারণে তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বাদ পড়া ভোটারদের ফের নাম তোলার সুযোগ দিতে উদ্যোগী হয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গতকাল ১৪ নভেম্বর সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি সাপ্লিমেন্টারি হলফনামা জমা দিয়ে কমিশন (Election Commission of India) জানায়, বাদ পড়া ভোটারদের চিহ্নিত করে তাঁদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে। এর আগে ৬ নভেম্বরই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছিল।
সুপ্রিম কোর্টকে কী জানালো কমিশন?
এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। গত ২৮ অক্টোবর শুনানির সময় শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছিল, যাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম জমা দিতে পারেননি, তাঁদের আরও একবার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। শুধু ভোটারদের নিজেদের উদ্যোগে আবেদন করার অপেক্ষায় না থেকে বাদ পড়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার কথাও বলেছিল আদালত। এরপর ৬ নভেম্বর সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সুযোগ করে দেয় কমিশন। সেই পদক্ষেপের বিস্তারিতই ১৪ নভেম্বরের হলফনামায় সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে।
এদিন শীর্ষ আদালতে নির্বাচন কমিশন জানায়, “ভোট দেওয়ার যোগ্য প্রত্যেক নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় থাকে, তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়ে কমিশন সম্পূর্ণ সচেতন।” সেই লক্ষ্যেই অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত কিংবা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়ে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের বুথভিত্তিক তালিকা ফের প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট বুথের পাশাপাশি স্থানীয় প্রশাসনিক দফতর এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও তালিকা দেওয়ার নির্দেশ রয়েছে। সেখানে নাম বাদ যাওয়ার সম্ভাব্য কারণও উল্লেখ থাকবে, যাতে সংশ্লিষ্ট ভোটাররা নিজেদের পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারেন।
নাম ফেরানোর আবেদন করার ক্ষেত্রেও কয়েকটি নিয়ম জানানো হয়েছে। যাঁরা বাসস্থান পরিবর্তন করেননি, তাঁদের এনুমারেশন ফর্মের সঙ্গে অ্যানেক্সার-বি জমা দিতে হবে। সেখানে আগেরবার ফর্ম জমা দিতে না পারার কারণ জানাতে হবে। অন্যদিকে, একই রাজ্যের মধ্যে যাঁরা স্থানান্তরিত হয়েছেন, তাঁদের নতুন ঠিকানা ও বিধানসভার তথ্য দিয়ে অ্যানেক্সার-সি এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। তাঁদের ক্ষেত্রে আলাদা করে ফর্ম-৮ জমা দেওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট ERO, AERO বা BLO-র কাছে সরাসরি, পরিবারের সদস্যের মাধ্যমে কিংবা ECINET-এ ই-সাইন করে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। ইতিমধ্যে ফর্ম-৬ জমা দিয়ে থাকলে নতুন করে এনুমারেশন ফর্ম জমা করার প্রয়োজন নেই।
আরও পড়ুন: সাত বছর ধরে হিন্দু সেজে বসবাস! কালীপুজোয় অশান্তি করে বালুরঘাটে আটক ৫ বাংলাদেশি
কমিশনের আরও বক্তব্য, “এমন একটি ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করলে, কোনও ভোটারই চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ থেকে বঞ্চিত না হন। একই সঙ্গে ভোটার তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার যাতে নথিভুক্ত না হয়, সেদিকেও যথাযথ নজর রাখা হবে।” আবেদন যাচাইয়ের পর যাঁদের নাম অন্তর্ভুক্ত করার যোগ্য বলে বিবেচিত হবে, তাঁদের আগের EPIC নম্বরই ফিরিয়ে দেওয়া হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ৬ নভেম্বরের নতুন সুযোগটি মূলত সেই সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য, যেখানে SIR প্রক্রিয়া তখনও চলছিল। পশ্চিমবঙ্গে SIR-এর ওই পর্যায় শেষ হয়ে যাওয়ায় এই একই সুযোগ রাজ্যে কার্যকর হবে কি না, তা নিয়ে আলাদা করে স্পষ্টীকরণ প্রয়োজন।










