ভারত ও আদানির সাথে চুক্তি বাতিল সম্ভব নয়! জানালেন বাংলাদেশের বিদ্যুৎমন্ত্রী

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সাথে সম্পর্ক কিছুটা অন্য খাতে বইছে বাংলাদেশের (Bangladesh)। প্রতিবেশী দেশের সাথে ঐতিহাসিক সম্পর্কে ছেদ পড়েছে আগেই। যার জেরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল। যদিও তারেক রহমানের সরকার ক্ষমতায় আসতেই ফের স্বাভাবিক হয়েছে সব। কিন্তু তারপরেও ভারত বিরোধী স্লোগান উঠেছে ওপার বাংলায়। দাবি উঠেছে ভারত সহ আদানি গ্রুপের সাথে চুক্তি বাতিলের। এবার তা নিয়েই নিজেদের অবস্থান স্পষ্ট করল ঢাকা। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানালেন, ভারত বা আদানি গ্রুপের সাথে চুক্তি একতরফাভাবে বাতিল করে দেওয়া সম্ভব নয়।

চুক্তি বাতিল সম্ভব নয়

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী জানালেন, ভারত সহ বিভিন্ন দেশ এবং দেশি-বিদেশি বিদ্যুৎ কোম্পানিগুলির সাথে বাংলাদেশের যে চুক্তি রয়েছে তা একতরফাভাবে বাতিল করে দেওয়া সম্ভব নয়। তবে তিনি এও জানান, বিদ্যুতের দাম যাতে কিছুটা কমে সেজন্য সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সাথে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ সরকার।

কেন বাংলাদেশের পক্ষে ভারত এবং ভারতীয় সংস্থার সাথে চুক্তি বাতিল সম্ভব নয় তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওপার বাংলার ওই মন্ত্রী বলেন, “ভারত এবং অন্যান্য দেশ ও সংস্থাগুলির সাথে আমাদের যে চুক্তি রয়েছে সেগুলি সভরেন গ্যারান্টির মাধ্যমে করা। আসলে এই সভরেন গ্যারান্টি একটি ব্যাঙ্কিং ইনস্ট্রুমেন্ট, যার উপর ভিত্তি করে ওই কোম্পানিগুলো বিভিন্ন ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে। কাজেই কোনও দেশ দ্বিতীয় বা অন্যান্য দেশের সাথে পণ্যের দাম নিয়ে দর কষাকষি করলেও একতরফাভাবে চুক্তি বাতিল করে দিতে পারে না।”

আরও পড়ুন: বাংলাদেশের বুটের নিচে পাকিস্তান! সাফ কাপের সেমিতে মুক্তি যুদ্ধ ফুটিয়ে তুলল সমর্থকরা

এক্ষেত্রে বলে রাখি, বাংলাদেশ বা কোনও দেশ যদি সভরেন গ্যারান্টি থাকা সত্ত্বেও যদি চুক্তি বাতিল করে দেয় সে ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট দেশের ক্রেডিট রেটিং অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশগুলির মানুষ এবং আর্থিক প্রতিষ্ঠান সেই দেশের উপর আর ভরসা রাখবে না। সব মিলিয়ে, নিজেদের সমস্যার কথা চিন্তা করেই চুক্তি বাতিল করা যাবে না বলেই জানালো ওপার বাংলার সরকার। তবে বাংলাদেশ সরকারের ওই মন্ত্রী এও স্পষ্ট করেছেন, বিদ্যুতের দাম কমানো নিয়ে ভারতের সাথে ক্রমাগত আলোচনা চলছে বাংলাদেশের প্রতিনিধি দলের। তবে এখনই বড়সড় কোনও সিদ্ধান্ত নিলে বাংলাদেশে দীর্ঘদিন লোডশেডিং চলতে পারে বলেই আশঙ্কায় তারেক রহমানের সরকার!

google button