বঞ্চিতরা জানুয়ারি থেকেই পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা, আশ্বাস বিজেপি বিধায়কের

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এবার বড় আশ্বাস দিলেন বিজেপি বিধায়ক। রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই মহিলারা এই প্রকল্পের ৩০০০ টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন। তবে বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ এখনও এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বলেই অভিযোগ। এমনকি আন্দোলন পর্যন্ত করছেন মহিলারা। এবার তাদের উদ্দেশ্যেই এবার বড় বার্তা দিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘরুই। আগামী জানুয়ারি মাস থেকেই মিলবে এই প্রকল্পের টাকা।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস বিজেপি বিধায়কের

দুর্গাপুরসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন বলেই খবর। পাশাপাশি সরকারি দফতরে একাধিকবার ঘুরেও মিলছে না এই প্রকল্পের টাকা। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে পুনরায় শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন। তবে দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে শনিবার একটি বিশেষ জনসভার আয়োজন করা হয়। আর সেখানে উপস্থিত হন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত বহু মহিলা। তাদেরই আশ্বাস দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক।

এদিন লক্ষ্মণ ঘরুই স্পষ্ট জানিয়েছেন, সমস্ত নথিপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও যদি অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হন, তাহলে জানুয়ারি মাস থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা। তিনি জানিয়েছেন, ডিসেম্বর মাসে ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প বসবে। আর যারা অন্নপূর্ণা যোজনা এখনও পর্যন্ত পাননি, তারা সেই ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারবেন। নথিপত্রে কোনও ভুল থাকলে আবারও সংশোধন করে দেওয়া হবে এবং আগামী বছরের জানুয়ারি মাস থেকেই সেই সমস্ত মহিলারা পেতে শুরু করবেন টাকা। এমনকি বিধায়ক ও সরকারি আধিকারিকরা ওই ক্যাম্পে উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: “মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না” কীসের ইঙ্গিত দিলেন শংকর ঘোষ?

উল্লেখ্য, ভুয়ো তথ্য দিয়ে বহু মহিলার বিরুদ্ধে এই প্রকল্পের সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই কারণে আগস্টের পর নভেম্বর মাসে পুনরায় শুরু হয়েছে ভেরিফিকেশন। রাজ্যের অধিকাংশ পুরসভার তরফ থেকে সন্দেহজনক মহিলাদের একটি লিস্ট প্রকাশ করা হচ্ছে। সেই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, ভোটার স্লিপের জেরক্স, আধার কার্ড এবং বাড়ির সামনে দাঁড়িয়ে একটি ফটো জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আধিকারিকদের আশঙ্কা, এই ধাপের যাচাই পর্বে বেশ কিছু অযোগ্য মহিলা প্রকল্প থেকে বাদ পড়তে পারেন।

google button