নাবালক ছেলেকে BMW! উঠেছিল সমালোচনার ঝড়, সেই গাড়িই এবার ছুটল ক্যান্সার আক্রান্তের সাহায্যার্থে

Published:

BMW owner businessman helps cancer Patient

অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি পূর্ব বর্ধমানের গলসির বিশিষ্ট চাল ব্যবসায়ী শামসুদ্দিন মিদ্যা তাঁর ছেলেকে হাফ ইয়ার্লি পরীক্ষায় ভাল ফল করার জন্য প্রায় ২.৩ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বিএমডাব্লিউ এম৪ কম্পিটিশন (BMW M4 Competition) গাড়ি উপহার দিয়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। নাবালক ছেলেকে এত দামী একটি গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে, তখন শামসুদ্দিনের কেনা সেই বিলাসবহুল গাড়িটি ছুটে এল এক ক্যান্সার আক্রান্ত কিশোরের পাশে দাঁড়ানোর জন্য। দরিদ্র পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন গলসির ওই ব্যবসায়ী।

বিএমডাব্লিউ-তে চড়ল ক্যান্সার আক্রান্ত কিশোর

গলসির গলিগ্রামের বাসিন্দা হাঁসু বাগদির ছেলে রনিত বাগদি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। হাঁসু বাগদি পেশায় দিনমজুর। এই রোগের চিকিৎসা করতে সর্বস্বান্ত অবস্থা তাঁর। অথচ আরও চিকিৎসার প্রয়োজন রনিতের। এই খবর কানে যেতেই এগিয়ে আসেন শামসুদ্দিন মিদ্যা। পাশে রয়েছেন গলসির বিধায়ক রাজু পাত্রও। 

কলকাতায় চিকিৎসা চলছে রনিতের। কিন্তু চিকিৎসার খরচ জোগাতে পারছে না দরিদ্র দিনমজুরের পরিবার। অসুস্থ ছেলেকে নিয়ে গলসি থেকে থেকে কলকাতায় নিয়মিত যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শামসুদ্দিন। তিনি সটান পৌঁছে গিয়েছেন হাঁসু বাগদির বাড়ি। চিকিৎসার কারণে কলকাতায় যাতায়াত করার জন্য ২০ হাজার টাকা তুলে দিয়েছেন পরিবারটির হাতে। শুধু তাই নয়, আগামী তিন চার মাসের জন্য চাল, ডাল, তেলের মতো প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থাও করে দিয়েছেন। 

আরও পড়ুন: পেনশনভোগীদের বড় স্বস্তি! SPARSH লাইফ সার্টিফিকেট জমা নিয়ে সার্কুলার জারি

তবে কেবল আর্থিক সাহায্যই নয় বিধায়ক রাজু পাত্র ও শামসুদ্দিন মিদ্যা বাইরে রনিতের চিকিৎসার ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন। ভালোবেসে অসুস্থ কিশোরকে কোলে নিয়ে তাঁর বিএমডব্লিউ গাড়িটিতেও চড়িয়েছেন গলসির ব্যবসায়ী। যে গাড়ি নিয়ে সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল, সেই গাড়ি আজ হাসি ফোটালো এক অসুস্থ কিশোরের মুখে। 

একদিকে চরম অভাব, অন্যদিকে ছেলের মরণব্যাধি। কী করবেন ভেবেই উঠতে পারছিলেন না হাঁসু বাগদি। সেই সময় শামসুদ্দিন ও রাজু পাত্রের বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত ঈশ্বরের আশীর্বাদের মতো পরিবারটির মাথার ওপর নেমে এসেছে। নাবালক ছেলেকে দামি গাড়ি উপহার দেওয়ার জন্য কিছুদিন আগেই তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন শামসুদ্দিন। আজ তিনিই অসহায় ও আর্তের পাশে দাঁড়িয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। 

google button