সহেলি মিত্র, কলকাতাঃ নামেই বর্ষা, এদিকে বাংলায় বৃষ্টির দেখা নেই। অন্তত জুন মাসের মাঝামাঝি সময়ে এসে এবং বর্ষা প্রবেশ করলেও কলকাতা সহ অধিকাংশ জেলার আবহাওয়া শুষ্ক। সেইসঙ্গে মাত্রাতিরিক্ত গরম তো আছেই। যেন এপ্রিল, মে মাসের তাপপ্রবাহের গরম। বাড়ছে অস্বস্তি। বাড়ি থেকে বেরনো দায় হয়ে পড়েছে সকলের পক্ষে। আকাশ মাঝেমধ্যে মেঘলা হলেও শেষমেষ বৃষ্টি আর হচ্ছে না। আর কতদিন এরকম পরিস্থিতি থাকবে, আজ মঙ্গলবার কি স্বস্তির বৃষ্টি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি? চলুন জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দফতর কী পূর্বাভাস (Weather Today) জারি করেছে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
হাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবার ১৫ জুন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আজ সমগ্র পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশ এবং ওডিশা, ঝাড়খণ্ড ও বিহারের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
কেমন থাকবে সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া? এই প্রসঙ্গে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের দ্বিতীয় দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
আগামীকালের আবহাওয়া
বুধবার থেকে আরও বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে উত্তরবঙ্গে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়া বৃষ্টিপাত চলবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগণা জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।










