‘বড় চোরটা কবে যাবে’ নাম না করে অভিষেকের গ্রেফতারি নিয়ে বিরাট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

Published:

Suvendu On Abhishek

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। স্পষ্ট বলেছিলেন, ‘সমস্ত দুর্নীতির ফাইল খোলা হবে। জেলে যাবেন ভাইপো বাবু!’ সে কথাই আরও একবার স্মরণ করালেন মুখ্যমন্ত্রী। শুক্রবার, বারুইপুরের সভা থেকে নাম না করে অভিষেককে তীব্র আক্রমণ করলেন তিনি। একই সাথে, তৃণমূল সাংসদের জেলযাত্রা দেখার জন্য সাধারণ মানুষকে খানিকটা অপেক্ষা করে যেতে বললেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা।

নাম না করে অভিষেককে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গতকালই কালীঘাটের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ শাসকদলকে কটাক্ষ করেছিলেন অভিষেক। হুঁশিয়ারি দিয়েছিলেন পুলিশ প্রশাসনকেও! চোরবাগান সার্বজনীনের মর্মান্তিক ঘটনা নিয়ে ঘুরিয়ে মুখ্যমন্ত্রীর পরিবারকে দায়ী করেছিলেন তিনি। অভিযোগের আঙুল তুলেছিলেন শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারীর দিকে। একই সাথে তাঁকে গ্রেফতার করার দাবিও জানান ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের সেইসব মন্তব্যের পরই শুক্রবার বারুইপুরের সভা থেকে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী।

এদিন অভিষেকের কটাক্ষের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “চাপ সামলে উঠতে না পেরে ওনার মাথাটা একটু খারাপ হয়ে গেছে।” এদিন অভিষেকের কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়েও তাঁকে খোঁচা দেন শুভেন্দু। একই সাথে নাম না করে শুক্রবার অভিষেকের গ্রেফতারি নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে বারুইপুরের সাধারণ জনতাকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, ভাইপো খ্যাত তৃণমূল সাংসদ ঠিক জেলে যাবেন।

 

আরও পড়ুন: বদ্রিনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার, নিখোঁজ চালক সহ প্রত্যেকে

ঘুরিয়ে অভিষেককে চোর সম্বোধন করে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, “আপনাদের মনে প্রশ্ন আছে, বড় চোরটা কবে যাবে.. সময় টময় একটু ঠিকঠাক দেখে করতে হয় বুঝেছেন তো। আমার রাজনৈতিক জীবনে ধৈর্য আর সহ্য, আপনারাও দয়া করে এটা পালন করুন। বড় চোর যাবেই চিন্তার কোনও কারণ নেই।” এক কথায়, মুখ্যমন্ত্রী কার্যত বুঝিয়ে দিলেন দেরি হলেও শ্রীঘরে ঢুকতে হবে অভিষেককে!

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন