প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন অতিবৃষ্টির (Heavy Rain) জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় দুর্যোগের ছবি সামনে এসেছে। দক্ষিণবঙ্গে (South Bengal) পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বোলপুরে একাধিক ওয়ার্ড, মন্দির ডুবে এমনকি উত্তরবঙ্গের (North Bengal) মালদার ইংরেজবাজার ব্লকেও গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। সবমিলিয়ে দুর্বিষহ অবস্থা, তবে এবার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow) ঝটপট জেনে নিন বিস্তারিত।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি আপাতত মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে। তবে নিম্নচাপ সরে গেলেও এর শক্তি বিন্দুমাত্রও কমেনি। দক্ষিণবঙ্গের উপরে তার প্রভাব থেকে গিয়েছে। তাইতো দক্ষিণবঙ্গ জুড়ে ভারী দুর্যোগ এক নাগাড়ে চলছে। মাঝে মাঝে রোদের দেখা মিললেও সেটা সাময়িক। শুধু প্রবল বৃষ্টিই নয়, একই সঙ্গে ঘনঘন বজ্রপাতও হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আগামী বেশ কয়েকদিন নাকি এমনই থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, জন্মাষ্টমীর দিন সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা গেলেও মাঝে মধ্যে কালো মেঘের আনাগোনা দেখা যাবে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে। তবে বিক্ষিপ্তভাবে হবে কোনো কোনো জায়গায়, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যদিও ভারী বৃষ্টির এখনই পূর্বাভাস নেই। হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
নিম্নচাপ সরে যাওয়ায় আগামীকাল শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত হবে না। তবে বিক্ষিপ্ত এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর আকাশ মেঘলা থাকবে। মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে। তবে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
আরও পড়ুন: স্কুলের দেওয়ালে উল্টো জাতীয় পতাকা, ইন্ডিয়া গেটের বদলে মসজিদ! তুমুল বিতর্ক সমুদ্রগড়ে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপরের পাঁচ জেলা অর্থাৎ কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টি হলেও হতে পারে। তবে সেখানে শনিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে।










