প্রীতি পোদ্দার, কলকাতা: শুধু পাঠ্যপুস্তক নয়, পঠনপাঠনের পরিবেশ গড়ে তুলতে স্কুলের শ্রেণিকক্ষের দেওয়ালে আঁকা হচ্ছে নানা রঙিন ছবি। কোথাও জাতীয় পতাকা, কোথাও আবার মনীষীদের বাণী, কিন্তু এবার বিদ্যালয়ের দেওয়াল চিত্র (Wall Painting Controversy) নিয়ে উঠে এসেছে এক চরম বিতর্ক। পূর্ব বর্ধমানে (Purba Bardhaman) সমুদ্রগড়ের এক প্রাথমিক বিদ্যালয়ের (Primary School) দেওয়ালে ভুলভাবে জাতীয় পতাকা ও ইন্ডিয়া গেটের ছবি অঙ্কন করা নিয়ে প্রতিবাদ করলেন এলাকাবাসীর প্রতিনিধি সৈয়দ আবু জাফর।
দেওয়ালে ইন্ডিয়া গেটের ছবি নিয়ে বিতর্ক
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের অন্তর্গত উপর চাঁপাহাটী জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ালে ছাত্র ছাত্রীদের জন্য একাধিক শিক্ষণীয় বিষয় অঙ্কন করা হয়েছিল। জাতীয় পতাকা থেকে শুরু করে ইন্ডিয়া গেট। কিন্তু এবার সেখানে ইন্ডিয়া গেট ও নীচে জাতীয় পতাকার রং নিয়ে উঠল প্রশ্ন। সেখানকার এলাকাবাসীর প্রতিনিধি সৈয়দ আবু জাফর অভিযোগ তুলেছিলেন যে, দেওয়ালে আঁকা এই ইন্ডিয়া গেট কোনোভাবেই মনে হচ্ছে না, উল্টে দেখে মনে হচ্ছে মসজিদের গম্বুজ। এমনকি নীচে জাতীয় পতাকার গেরুয়া রং-ও উল্টো করা হয়েছে। আগে সবুজ দেওয়া হয়েছে।
ছবি পরিবর্তনের দাবি এলাকাবাসীর
এলাকাবাসীর প্রতিনিধি সৈয়দ আবু জাফর দাবি করেছেন দেওয়ালে আঁকা ইন্ডিয়া গেট ও জাতীয় পতাকার ছবি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা ক্ষোভ তৈরি হয়েছে। সকলের প্রশ্ন কেন সঠিকভাবে এই ছবি আঁকা হয়নি। তাই যত শীঘ্র সম্ভব এই ছবি পরিবর্তনের দাবি তোলা হয়েছে। একই অভিযোগ তুলেছেন অভিভাবকরা। অন্যদিকে প্রধান শিক্ষকের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, “মোবাইলে একটি ছবি দেখে এই ইন্ডিয়া গেট আঁকা হয়েছিল। হয়ত কোনো কারণে ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু জাতীয় পতাকার রং এইভাবে উল্টোপাল্টা করে দেওয়া ঠিক হয়নি। আমরা শীঘ্রই এর ব্যবস্থা নিচ্ছি।”
আরও পড়ুন: বাড়ি বাড়ি জ্বলবে আশীর্বাদের প্রদীপ, প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলায় মেগা আয়োজন সরকারের
মূলত পাঠ্যপুস্তকের বাইরেও ছাত্রছাত্রীদের সামাজিক শিক্ষা প্রদান করার জন্য এখন কম বেশি প্রতিটি বিদ্যালয়ে শ্রেণিকক্ষের দেওয়ালে স্বাধীনতা সংগ্রামী, মনীষীদের ছবি ও বাণী, দেশের মানচিত্র, পতাকা, জাতীয় সংগীত তুলে ধরা হয়ে থাকে। শুধু তাই নয়, কার্টুন চরিত্রের মাধ্যমে রাস্তা, রেললাইন পারাপার বিষয়ক সচেতনতামূলক ছবি, জাতীয় ফুল, ফল ও পশু-সংক্রান্ত নানা তথ্য এবং ছবিও দেওয়ালে ফুটিয়ে তোলা হয়। বীর সংগ্রামীদের ইতিহাস এবং দেশের জন্য লড়াই করার নানা কাহিনীও আজকাল ফুটিয়ে তোলা হচ্ছে দেওয়াল চিত্রে।










